‘জনগণকে বাঁচাতে সরকার যেখান থেকেই পারে ভ্যাকসিন সংগ্রহ করবে’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জনগণকে বাঁচাতে হলে যেখান থেকেই পারে ভ্যাকসিন সংগ্রহ করবে সরকার, করোনার ভ্যাকসিন নিয়ে কারো সাথে বিশেষ কোন সম্পর্কের দরকার নেই। দোষারোপের রাজনীতি পরিহার করে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে সকলের অভিন্ন শত্রু করোনাকে মোকাবেলা করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

 

ওবায়দুল কাদের আজ বুধবার সকালে বনানী কবরস্থানে শহীদ শেখ জামালের ৬৮তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে প্রথমে প্রধানমন্ত্রীর পক্ষে ও পরে দলের পক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

শেখ জামাল বঙ্গবন্ধু পরিবারের সাহস ও মেধার যে রাজনীতি তারই অনন্য দৃষ্টান্ত উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, জন্মদিনে শপথ হোক বাংলাদেশে হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতির ট্রাজেডি থেকে জাতিকে মুক্তি দিতে হবে। যে যেই দলই করুক হত্যার রাজনীতি কারো কাম্য নয়।

ওবায়দুল কাদের বিএনপির উদ্দেশে বলেন, হত্যা, ষড়যন্ত্রের রাজনীতি পরিহার করুন। বাংলাদেশে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে বিএনপিকে হত্যা, ষড়যন্ত্র ও সন্ত্রাসের পথ থেকে সরে আসতে হবে।