নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : আসন্ন গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচনে বুধবার বিকেল পর্যন্ত মেয়র পদে ৩ জনসহ ১৭৫ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন। জিসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মন্ডল জানান, বুধবার বিকেল পর্যন্ত মেয়র পদে ৩ জন, সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর পদে ৩৬ জন এবং সাধারণ আসনের কাউন্সিলর পদে ১৩৬ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন।
মেয়র পদে যারা মনোনয়নপত্র উত্তোলন করেন- স্বতন্ত্র প্রার্থী হিসেবে গাজীপুর মহানগর জামায়াতে ইসলামী বাংলাদেশের আমীর অধ্যক্ষ মো: সানা উল্যাহ, কাশিমপুর ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান বিএনপি নেতা শওকত হোসেন সরকার এবং ইসলামী ঐক্য জোটের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মো: ফজলুর রহমান।
উল্লেখ্য, জিসিসি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে গত ৩১ মার্চ। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১২ এপ্রিল, মনোনয়নপত্র বাছাই হবে ১৫-১৬ এপ্রিল, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৩ এপ্রিল এবং ১৫ মে ভোট গ্রহণ।


