আন্তর্জাতিক ডেস্ক : জার্মানির হাম্বুর্গে শুক্রবার থেকে শুরু হওয়া দুই দিনব্যাপী জি-২০ শীর্ষ সম্মেলনকে ঘিরে পুঁজিবাদ ও বিশ্বায়নবিরোধী এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সক্রিয় কর্মীরা বিক্ষোভ করছে।
সম্মেলনের আগে থেকে বিক্ষোভ শুরু হলেও সম্মেলন শুরুর দিন শুক্রবার বিক্ষোভকারীরা রাস্তায় দেওয়া পুলিশি ব্যারিকেড, গাড়ি ও কিছু দোকানে আগুন দেয়। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়। সম্মেলন স্থানের খুব কাছে বিক্ষোভকারীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সম্মেলনের দ্বিতীয় দিন শনিবারও সংঘর্ষ অব্যাহত রয়েছে।
বিশ্বের ১৯টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নিয়ে জি-২০ গঠিত। এই ১৯ দেশ হলো- আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, তুরস্ক, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।

যুক্তরাজ্য ছাড়া ইইউর বর্তমান সদস্য দেশ ২৭টি। সব মিলে বিশ্ব অর্থনীতির মূল চালিকাশক্তি জি-২০-এর সদস্য এই ৪৬টি দেশ। বিশ্বের মোট উৎপাদনের ৮৫ শতাংশ আসে এসব দেশ থেকে। এ ছাড়া বিশ্বের তিন ভাগের দুই ভাগ মানুষ বাস করে জি-২০-এর সদস্য দেশগুলোতে। গুরুত্বের দিক থেকে যেকোনো পরিসংখ্যানে জাতিসংঘের পরেই জি-২০-এর অবস্থান। কারণ এই সংগঠনে রয়েছে জাতিসংঘের স্থায়ী পাঁচ সদস্য চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের সবাই।
এ হিসাবে বলতে গেলে বিশ্ব এখন হাম্বুর্গে। সম্মেলনে যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁসহ সদস্য সব দেশের নেতারা। এবারের সম্মেলন আয়োজন করেছে জার্মানি।
বিশ্বনেতাদের এই মিলন মেলায় বিক্ষোভের বারুদ জ্বেলেছেন বামপন্থি ও সবুজ পৃথিবীর জন্য কাজ করা কর্মীরা। এই সম্মেলনে ট্রাম্প ও পুতিনের আগমনের বিরোধিতা করে স্লোগান দিয়েছেন তারা। কিন্তু প্রবল বিক্ষোভের মধ্যেই এই প্রথমবার প্রেসিডেন্ট ট্রাম্প ও পুতিনের মধ্যে মুখোমুখি ও দ্বিপাক্ষীক বৈঠক হয়েছে।
জার্মান পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে ১৬০ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ৯০ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ১৯ জনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এ ছাড়া বিক্ষোভ দমনে জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করছে পুলিশ। অনেক বিক্ষোভকারীও আহত হয়েছে।
জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল সহিংসতা ছেড়ে শান্তিপূর্ণ বিক্ষোভের আহ্বান জানিয়েছেন, যাতে কারো-ই জীবন বিপদে না পড়ে। তবে সম্মেলনে অংশগ্রহণকারীদের দাবি, বিক্ষোভ দমনে পুলিশ ভালো কাজ করলেও সম্মেলন স্থানের এত কাছে এই প্রথম বিক্ষোভ দেখছেন তারা।
তথ্যসূত্র : আলজাজিরা ও বিবিসি অনলাইন


