জেলার হরিরামপুরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে একুশে একুশ হাফ ম্যারাথন

সুজন মাহমুদ, হরিরামপুর প্রতিনিধি, মানিকগঞ্জঃ সোমবার (২১শে ফেব্রুয়ারী) ভোরে জাতীয় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পরিবেশ সংগঠন হরিরামপুর শ্যামল নিসর্গের আয়োজনে অনুষ্ঠিত হয় এই ‘একুশে একুশ হাফ ম্যারাথন’।
সকাল সাড়ে ছয়টার আগেই শতাধিক অংশগ্রহণকারী নারী-পুরুষ হরিরামপুর উপজেলা চত্বরে জড়ো হন। তারা  এসেছেন হরিরামপুরসহ জামালপুর, যশোর, পাবনা জেলা, মানিকগঞ্জ সদর, ঢাকার দোহার ও টাঙ্গাইলের মির্জাপুর  থেকে। হরিরামপুর উপজেলা চত্বরে তখন উৎসবের উচ্ছ্বাস।
এরই মধ্যে হাফ ম্যারাথনের উদ্বোধন ঘোষণা করেন হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম। এ সময় হরিরামপুর শ্যামল নিসর্গের সংগঠক তৈয়বুল আজহারের সঞ্চালনায় অংশগ্রহণকারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বক্তব্য দেন সংগঠনের সমন্বয়ক ওয়াহিদুর রহমান, মুখপাত্র পলাশ সূত্রধর,  আয়োজক কমিটির আহ্বায়ক প্রণব পাল। এসময় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত জাহাঙ্গীর রানা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রব উপস্থিত ছিলেন।
তিনটি বিভাগে হাফ ম্যারাথন অনুষ্ঠিত হয়। একটি ২১ কিলোমিটার, আরেকটি ১৪ কিলোমিটার অন্যটি সাত কিলোমিটারের। দৌড় শুরু হয় উপজেলা চত্বর থেকে। ২১ কিলোমিটারের দৌড়বিদেরা চালা ইউনিয়ন পরিষদের সামনে থেকে দিয়াবাড়ি বাজার, চালা, ঝিটকা বাজার হয়ে কলতা, বাঠইমুড়ি, সরুপাই, আন্ধার মানিক, বেউথা হয়ে মানিকগঞ্জ শহিদ মিনার পর্যন্ত এসে তাদের দৌড় শেষ করেন।সাত কিলোমিটার ও ১৪ কিলোমিটারের দৌড় ও হয়েছে একই সড়ক ধরে কদমতলা এবং কলতা বাজার পর্যন্ত।
ম্যারাথনে যশোর থেকে থেকে অংশ নিয়েছেন সৌরভ বসু (৩৮), পাবনা থেকে বুলবুল(৩৫) জামালপুর থেকে আনোয়ার খান (৩৫), ঢাকার দোহার থেকে চানদু মোল্লা  রাজা।
যশোরের সৌরভ, দোহারের চান্দু মোল্লা রাজা বলেন, ‘ম্যারাথনে অংশ নিয়ে খুব ভালো লেগেছে। খুব উপভোগ করেছি।  দেশে অনেক ইভেন্টে অংশ নিয়েছি। আমরা মানিকগঞ্জের হরিরামপুরে আবার আসতে চাই।’
হাফ ম্যারাথন আয়োজক কমিটির আহ্বায়ক প্রণব পাল ও সদস্য সচিব মাহিদুল ইসলাম মাহি  বলেন, ‘দেশের বিভিন্ন জেলার শতাধিক পুরুষ ও নারী অংশ নিয়েছেন। সুন্দরভাবে ম্যারাথন শেষ করতে পেরে আমাদের ভালো লাগছে। সুস্বাস্থ্য ও সুস্থতার জন্য দৌড় খুবই উপকারী। আমরা সবার মধ্যে দৌড়ের আগ্রহ সৃষ্টি করতে চাই।
হরিরামপুর শ্যামল নিসর্গের সমন্বয়ক ওয়াহিদুর রহমান ও মুখপাত্র পলাশ সূত্রধর বলেন, আয়োজনের মূল উদ্দেশ্য পরিবেশ নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা।