জয়পুরহাটে প্রতারককে জরিমানা

জেলা প্রতিবেদকঃ জয়পুরহাটে সরকারি বিভিন্ন ভাতা দেওয়ার নামে অসহায় একাধিক দরিদ্র মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে আশিক হোসেন নামে এক প্রতারককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নের গুচ্ছগ্রামে অভিযান চলিয়ে তাকে আটক করে পুলিশ।

পরে রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিচারক মিল্টন চন্দ্র রায় তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভুক্তভোগীদের সমুদয় অর্থ ফেরত দেওয়ার শর্তে এ অর্থদণ্ড দিয়ে তাকে ছেড়ে দেন।

প্রতারক আশিক জয়পুরহাট সদর উপজেলার ভাদসা গুচ্ছ গ্রামের বাসিন্দা আলাউদ্দিনের ছেলে।

ইউএনও মিল্টন চন্দ্র রায় জানান, অভিযোগ ছিল- সরকারি ভাতা পাইয়ে দেওয়ার মিথ্যা আশ্বাসে একাধিক মানুষের কাছ থেকে নিয়মিত টাকা আদায় করতেন আশিক। গোপন সূত্রে এমন খবর পেয়ে গুচ্ছ গ্রামে সন্ধ্যায় অভিযান চালানো হয়।
পরে তাকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এনে আদালত বসিয়ে অর্থদণ্ড করা হয়।