জয়পুরহাট: জয়পুরহাটের বানিয়াপাড়া পুলিশ বক্স সংলগ্ন এলাকায় মালবোঝাই ট্রাকের চাপায় মাসুদুর রহমান (৫৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (১৮ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদুর রহমান জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তেলাল গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একটি বাইসাইকেল যোগে নিজ দোকানের মালামাল কেনার জন্য জয়পুরহাটে রওয়ানা দেয় তিনি। পথিমধ্যে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের বানিয়াপাড়া পুলিশ সংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রাক তাকে চাপা দেয়। এ সময় প্রত্যক্ষদর্শীদের পাওয়া খবরে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করেন।
নিহত মাসুদুর রহমানের ভাগ্নে জামাই আলাল হোসেন জানান, শজিমেক হাসপাতালে পৌঁছার আগেই তার মৃত্যু হয়। এ রিপোর্ট বেলা সাড়ে ১১টায় লেখার সময় পর্যন্ত সড়ক দুঘর্টনায় বাইসাইকেল আরোহীর মৃত্যুর বিষয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমানের কাছে কোনো খবর নেই বলেও তিনি জানান।


