জয়ের স্বাদ পেল কুমিল্লা ভিক্টোরিয়ান্স!

ক্রীড়া প্রতিবেদক : লিটন কুমার দাসের পরিবর্তে ইমরুল কায়েস ওপেনিংয়ে নামলেই পারতেন। তাহলে হয়তো এবারের বিপিএলে প্রথম দল হিসেবে ১০ উইকেটে জয় পেতে পারত কুমিল্লা ভিক্টোরিয়ান্স! সেটা না হলেও তৃতীয় দল হিসেবে বিপিএলের তৃতীয় আসরের চ্যাম্পিয়নরা পেল ৯ উইকেটে জয়ের স্বাদ।

মাত্র ১১২ রানের লক্ষ্য। তামিম ইকবাল একাই করলেন অপরাজিত ৬৪ রান। কাইল অ্যাবটের শর্ট বলে পুল করতে গিয়ে আউট হওয়া লিটন করেন ২১ রান। তামিমের সঙ্গে ইমরুলও অপরাজিত ২২ রানে।

কুমিল্লা ৩৭ বল বাকি থাকতে জয় পেলেও দুই দল একটি রেকর্ডে নিজেদেরকে জড়িয়ে নিয়েছে। লো স্কোরিং ম্যাচে দুই দল ৩২টি চার মারলেও কোনো খেলোয়াড় একটি ছক্কা হাঁকাতে পারেননি, যা বিপিএলের ইতিহাসে প্রথম এবং একেবারে বিরল ঘটনা।

খুলনার ব্যাটিং পাল্টে গেল ২৪ ঘন্টারও কম ব্যবধান সময়ে। আগের দিন রাজশাহীর বোলারদের নাস্তানাবুদ করে এবারের বিপিএলের সর্বোচ্চ ২১৩ রান সংগ্রহ করে তারা। আজ টস জিতে ব্যাটিংয়ে নেমে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বোলারদের ধারাল আক্রমণের শিকার তারা। অলআউট মাত্র ১১১ রানে, যা এবারের বিপিএলের দ্বিতীয় সর্বনিম্ন।

খুলনার সমর্থকদের ধন্যবাদ দেওয়া উচিত কাইল অ্যাবট ও শফিউল ইসলামকে। দুই পেসার দাঁড়িয়ে যান ব্যাট হাতে। তাদের নবম উইকেটের জুটিতে সর্বোচ্চ ২৩ রান পায় খুলনা, যা তাদের সর্বনিম্ন রানের লজ্জা থেকে বাঁচায়। দুই পেসারের ব্যাট থেকে আসে ১৬ করে রান।

দলের হয়ে সর্বোচ্চ ২৪ রান করেন আরিফুল হক। অধিনায়ক মাহমুদউল্লাহ ১৪ ও কার্লোস ব্রাফেট করেন ১৩ রান। এ ছাড়া আর কোনো ব্যাটসম্যানই দুই অঙ্ক ছুঁতে পারেননি। আগের দিনের দুই হাফ সেঞ্চুরিয়ান আফিফ হোসেন ও নিকোলাস পুরান করেন যথাক্রমে ৮ ও শূন্য রান। নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে আসে ৮।

খুলনার ব্যাটিং অর্ডারে শুরুর ধাক্কাটা দেন স্পিনার শোয়েব মালিক। তিন বাঁহাতি ব্যাটসম্যান শান্ত, আফিফ ও পুরানকে শুরুতেই আউট করেন মালিক। প্রথম ওভারেই মেহেদী হাসান নেন রাইলি রুশোর উইকেট। ৪০ রানের আগেই অর্ধেক ব্যাটসম্যানকে হারানোর পর খুলনা আর কুমিল্লার সামনে মাথা তুলে দাঁড়াতে পারেনি। শোয়েব মালিক ও আল-আমিন হোসেন ৩টি করে উইকেট নেন। ১টি করে উইকেট পান মেহেদী হাসান, হাসান আলী, মোহাম্মদ সাইফউদ্দিন ও ডোয়াইন ব্রাভো।

তরুণ আফিফ হোসেনকে তিনটি চার মেরে তামিম শুরুটা করেন দুর্দান্ত। সময় যাওয়ার সঙ্গে সঙ্গে তামিমের ব্যাট থেকে আসে দৃষ্টিনন্দন সব শটের মার। তার দায়িত্বশীল ও আগ্রাসী ব্যাটিংয়ে পাওয়ার প্লের ৬ ওভারে কুমিল্লা পায় ৫৭ রান। এতে লিটনের রান ছিল মাত্র ১৫।

এক ম্যাচ পর দলে ফেরা লিটন কুমার দাস কাইল অ্যাবটের বলে বাউন্ডারি মেরে খোলেন রানের খাতা। এরপর শফিউল ইসলামের এক ওভারে দুটি কভার ড্রাইভে আরো দুটি বাউন্ডারি মারেন লিটন। অষ্টম ওভারে অ্যাবটের বলে আউট হওয়ার আগে অন ড্রাইভে আরো একটি বাউন্ডারি পান। কিন্তু পরের বলেই ২১ রান করে আউট হন উইকেটরক্ষক এই ব্যাটসম্যান।

সঙ্গী হারানোর পরও তামিম দ্যুতি ছড়িয়ে যান। ৩০ বলে তুলে নেন এবারের বিপিএলের দ্বিতীয় হাফ সেঞ্চুরি। মাইলফলকে পৌঁছারও পর দায়িত্বশীল ইনিংস খেলে দলকে পৌঁছে দেন জয়ের বন্দরে। ৪২ বলে ৬৪ রানের ইনিংসটি খেলেন ১২টি চারের মারে। ২১ বলে ২২ রান করেন ইমরুল।

ম্যাচসেরা নির্বাচিত হন শোয়েব মালিক।

ম্যাচ হারলেও পয়েন্ট তালিকায় এখনো শীর্ষেই আছে খুলনা। দশম ম্যাচে এটি তাদের তৃতীয় পরাজয়। অন্যদিকে অষ্টম ম্যাচে এটি কুমিল্লার ষষ্ঠ জয়। খুলনার পয়েন্ট ১৩, কুমিল্লার ১২। ঢাকা ডায়নামাইটসকে (১১ পয়েন্ট) টপকে দুইয়ে উঠে এসেছে কুমিল্লা।