টঙ্গীতে আগুনে পুড়েছে পাঁচটি তুলার গুদাম

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের টঙ্গীতে মঙ্গলবার রাতে এক অগ্নিকাণ্ডে পুড়েছে পাঁচটি ঝুট তুলার গুদাম। ফায়ার সার্ভিসের গাজীপুরের টঙ্গী ও ঢাকার উত্তরা স্টেশনের পাঁচটি ইউনিটের কর্মীরা প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমান এবং স্থানীয়রা জানান, টঙ্গীর নিউ মন্নু টেক্সটাইল মিলের ঝুট তুলার গুদামে রাত পৌনে ১২টার দিকে আগুন লাগে। এ সময় স্থানীয়রা আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। টঙ্গী ফায়ার স্টেশনের তিনটি এবং উত্তরা ফায়ার স্টেশনের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে সেমিপাকা ছোট-বড় পাঁচটি ঝুট তুলার গুদাম ও মালামাল পুড়ে গেছে।

তিনি জানান, বুধবার সকালেও ড্যাম্পিংয়ের কাজ চলছিল। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির নিরূপণ করা যায়নি।