অমল ঘোষ, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : গতকাল রবিবার সকালে টঙ্গীর কলেজ গেট এলাকার অভিযান ১৬ নং বাড়ি থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে আবির হোসেন (৩৫) নামে এক নামধারী সাংবাদিককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
পুলিশ জানায়, গাজীপুর ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির বিভাগের সেকশন অফিসার মোঃ খলিলুর রহমানের নিকট ইউটিউব চ্যানেল ‘দেশান্তর বাংলাটিভির’ কার্ডধারী সাংবাদিক আবির হোসেনসহ (৩৫) একটি চক্র ৫ লাখ টাকা চাঁদা দাবি করে বেশ কিছু দিন ধরে বিভিন্ন প্রকার হুমকী ও ভয়ভিতি প্রদর্শন করে আসছিল। এরই ধারাবাহিকতায় গতকাল সকাল সাড়ে ১০ টার দিকে খলিলুর রহমানকে ফোন করে দাবিকৃত চাঁদা দেওয়ার জন্য ভয়ভিতি প্রদর্শন করতে থাকে আবির। ফোন পেয়ে খলিলুর রহমান টাকা নিতে আবিরকে তার বাসায় যেতে বললে সে উল্লেখিত বাড়ির ৫ তলার ফ্ল্যাটে যায়। এ সময় আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে আটক করে গণধোলাইয়ের পর পুলিশে খবর দেয়। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে অভিযুক্তকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় জড়িত আবিরসহ রফিকুল ইসলাম রফিক ৪৫), পেশাজীবিবলীগের সভাপতি শাহআলম (৪০), এম. এ কবির সুলতান জমাদ্দার (৪৫) ও দুলাল খলিফাকে (৪৫) এজাহারভূক্ত আসামি করে সংশ্লিষ্ট আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতকে গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো. এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেন।


