অমল ঘোষ: টঙ্গীর আরিচপুর শেরে বাংলা রোডের নেকারবাড়ি মসজিদ এলাকায় গতকাল মঙ্গলবার দুপুরে শাহীন ওরফে তারকাটা শাহীন (২৫) নামে এক চিহ্নিত ছিনতাইকারী উত্তেজিত জনতার গণপিটুনীতে নিহত হয়েছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। এখবর এলাকাবাসীর মাঝে ছড়িয়ে পড়লে তারা স্বস্তির নি:শ্বাস ফেলেন।
পুলিশ জানায়, তারকাটা শাহীন এলাকার একজন চিহ্নিত ছিনতাইকারী। সে ১০-১৫ জনের একদল ছিনতাইকারী দিয়ে দিনরাত আরিচপুর, বউবাজার, জামাইবাজার, শেরেবাংলা রোড, গাজীবাড়ি, টঙ্গী বাজার এলাকায় গতকয়েক বছর যাবত ছিনতাই করে আসছিল। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে এলাকায়বাসী স্থানীয় থানায় একাধিকবার অভিযোগও দায়ের করেন। কিন্তু কোন ভাবেই তাকে ও তার দলের ছিনতাইকারীদের বিরত রাখা যাচ্ছিল না। এতে অতিষ্ঠ এলাকাবাসী গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে তাকে শেরে বাংলা রোডের নেকারবাড়ি মসজিদের সামনে পেয়ে আটক করে বেদম মারধর করে। এতে সে গুরুতর আহত হয়। পরে তার পরিবারের লোকজন তাকে টঙ্গী সরকারি হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষনা করে। খবর পেয়ে টঙ্গী থানা পুলিশ হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
এব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন ঘটনার সত্যতা স্বিকার করে বলেন, নিহতের লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


