অমল ঘোষ, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : টঙ্গীতে মারধর ও ভয়ভীতি দেখিয়ে চাকুরী থেকে অব্যাহতি ও ছাটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ করেছে ওরিয়েন্ট এলিউর নীটওয়্যার লিমিটেডের শ্রমিকরা। এসময় কারখানার সকল শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেমে আসে। রোববার সকালে গাজীপুরা শালিকচুড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, কারখানার কর্তৃপক্ষ বেশ কয়েকজন শ্রমিককে এ্যাডমিনের রুমে ডেকে নিয়ে বিনা নোটিশে চাকুরী থেকে অব্যাহতি দিতে বলে। এসময় বিনা নোটিশে শ্রমিকরা অব্যাহতি না নিতে চাইলে কর্তৃপক্ষ বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে মারধর করে জোরপুর্বক বেশ কয়েকটি কাগজে স্বাক্ষর নিয়ে নেয়। পরে তারা শ্রমিকদের অফিসিয়াল আইডি কার্ড, জাতীয় পরিচয় পত্র ও মোবাইল ফোন কেড়ে নিয়ে বাহিরে বের করে দেয়। এ ব্যাপারে শ্রমিকরা টঙ্গী পুর্ব থানায় দুইটি অভিযোগ দায়ের করেন।
কারখানা কর্তৃপক্ষ জানিয়েছেন, এই কারখানায় কোন শ্রমিকের বেতন বকেয়া নেই। কোন শ্রমিকের উপর হাত তোলা হয়নি এবং জোর পুর্বক চাকুরী থেকে চলে যেতে বলা হয়নি। যারা চলে গেছে তারা নিজে থেকে অব্যাহতি পত্রে স্বাক্ষর দিয়ে চলে গেছে।
শিল্প পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. এস আলম জানান, সকাল থেকে শ্রমিকরা কাজ বন্ধ করে রাস্তার এক পাশে অবস্থান করছে। তবে কারখানার কর্তৃপক্ষ ও শ্রমিকদের মধ্যে থেকে একজন প্রতিনিধি নিয়ে বিষয়টি মিমাংশা করা হয়েছে।


