টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত মহিলার নিহত

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক মহিলা নিহত হয়েছেন। আনুমানিক ৩৫ বছর বয়সী ওই মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে আরিচপুর বৌবাজার এলাকায় এঘটনা ঘটে।

নিহতের পড়নে হলুদ রংয়ের সালোয়ার কামিজ ছিল।

টঙ্গী রেলওয়ে ফাঁড়ি ইনচার্জ এসআই নূর মোহাম্মদ খান জানান, দুপুর ২টা ৫ মিনিটে ওই এলাকায় রেললাইনের পাশ দিয়ে হেটে যাচ্ছিলেন ওই মহিলা। এসময় ঢাকা হতে মোহনগঞ্জগামী ৭৮৯নং আন্ত:নগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের নিচে চাপা পড়েন তিনি। এতে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। রেললাইনের মাঝে ওই মহিলার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা রেলওয়ে ফাঁড়ি পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন। এঘটনায় ঢাকার কমলাপুর রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান তিনি।