টঙ্গীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ দুই যুবক গ্রেফতার

অমল ঘোষ, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গী দত্তপাড়া এলাকায় শনিবার গভীর রাতে পিকআপ যোগে ডাকাতির প্রস্তুতিকালে শাহেদ আলী (২০) ও মুন্না (২১) নামে দুই যুবককে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ধাঁরালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, শনিবার গভীর রাত সোয়া ৩ টায় টঙ্গী পূর্ব থানার এস আই জাকির হোসেনসহ একদল পুলিশ দত্তপাড়াস্থ হাজী মার্কেটের সামনে টহলে দিচ্ছিল। এসময় ১০/১২ জন যুবক নম্বর বিহীন একটি নীল রংয়ের পিকআপযোগে বনমালা এলাকায় যাওয়ার সময় পুলিশের সন্দেহ হয়। পরে পিকআপটি থামাতে সংকেত দিলে চালক পুলিশের সংকেত অমান্য করে দ্রæত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ পিছু নিয়ে রাত সাড়ে ৩ টায় বনমালা রেল ক্রসিং লতিফ মোল্লা মার্কেটের সামনে পিকআপটি আটক করেন। এসময় শাহেদ আলী ও মুন্নাকেও আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকআপে থাকা অপর দূস্কৃতিকারীরা দৌড়ে পালিয়ে যায়। পরে আটককৃতরা পুলিশী জিজ্ঞাসাবাদে ডাকাতি প্রস্তুতির কথা স্বীকার করে। একপর্যায়ে পুলিশ পিকআপে তল্লাশি করে একটি লোহার রড কাটার, একটি ষ্টিলের ধাঁরালো ছুঁরিসহ বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করেন।

এব্যাপারে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় থানায় একটি মামলা রজু করা হয়েছে।