টঙ্গীতে থেকে এক আনসার সদস্যের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের টঙ্গীতে থেকে এক আনসার সদস্যের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত আনসার সদস্যের নাম জুনায়েদ (২৫)। তিনি টঙ্গীর মুরকুন এলাকার জাতীয় শিক্ষা কার্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের গুদামে নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন। টঙ্গী থানার এসআই আশরাফুল জানান, শনিবার দিবাগত ১০টার দিকে জুনায়েদ পোশাক পরিহিত অবস্থায় তার কর্মস্থল টঙ্গীর মরকুনে জাতীয় শিক্ষা কার্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের গুদামে দায়িত্ব পালন করছিলেন। রাত ১১টার দিকে তিনি প্রকৃতির ডাকে গুদামের টয়লেটে যান। এ সময় সেখানে একটি গুলির শব্দ শুনতে পায় তার সহকর্মীরা। পরে সহকর্মীরা সেখানে গিয়ে জুনায়েদের গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। তিনি জানান, জুনায়েদ নিজের রাইফেলের গুলিতে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।