অমল ঘোষ, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : টঙ্গীতে নিজেকে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য এবং ডিজিএফআই এর সিআইডি পরিচয়ে স্থানীয় বেকার যুবক যুবতীদের সিআইডিতে চাকুরি দেয়ার নামে প্রতারনা করার সময় শাহ আলম তরফদার ওরফে রাসেল (৫৫) নামে এক প্রতারক গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত রাসেল জামালপুর জেলার সরিষাবাড়ি থানার মুলাবাড়ি গ্রামের মৃত আ: বারি তরফদারের ছেলে।
পুলিশ জানান, শাহ আলম তরফদার নিজেকে ডিজিএফআই এর সিআইডি পরিচয়ে পুবাইল খিলগাঁও কামারিয়া গ্রামের সৈয়দ আলী সরকারের ছেলে নাসিম মাহমুদ পাপ্পুকে সিআইডিতে চাকুরি দেয়ার প্রলোভন দেখায়। এ লক্ষে সে রোববার দুপুরে টঙ্গী পূর্ব থানার গেইটে করিম মোল্লার চায়ের দোকানে বসে পাপ্পুকে মেডিকেল করানোর কথা বলে ৭ হাজার টাকা দাবী করেন। এসময় স্থানীয় লোকজনের বিষয়টি সন্দেহ হয়। পরে স্থানীয় লোকজনের জিজ্ঞাসাবাদে সে সঠিক উত্তর দিতে না পারায় তাকে টঙ্গী পূর্ব থানা পুলিশে সোপর্দ করা হয়।
গ্রেফতারকৃত শাহ আলমের নিকট বিভিন্ন যুবক যুবতীর সিআইডিতে চাকুরির আবেদন, ভোটার আইডি কার্ড, একটি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়। এছাড়াও তার নিজের নামে বাংলাদেশ সেনাবাহিনীর আইডি নং-ইবি ৬২৭৯৯১ এবং সেনা নং – ৪০৫৩৭৪২ সম্বলিত একটি পরিচয় পত্র জব্দ করা হয়। শাহ আলম গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানাধীন মধ্য খাইলকুর এলাকার মানিক চান্দের বাড়ির ভাড়াটিয়া এবং ৬ ভাই ৪ বোনের মধ্যে সবার ছোট বলে জানা গেছে।
টঙ্গী পূর্ব থানার অফিসার্স ইনচার্জ মো.আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এব্যাপারে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।


