টঙ্গীতে ন্যাশনাল ফ্যান কারখানায় হিট চেম্বার বিস্ফোরণ; নিহত ২, আহত ১৮

অমল ঘোষ: টঙ্গীর বিসিক শিল্প নগরী এলাকায় ন্যাশনাল ফ্যান কারখানার হিট চেম্বার বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ১৮ জন। গতকাল মঙ্গলবার বেলা পৌণে ১২টার দিকে ঘটনাটি ঘটে। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে পৌছে নিহত দু’জনের লাশ ও আহত শ্রমিকদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে প্রেরণ করেন। এদিকে বিস্ফোরণের খবর কারখানার শ্রমিক-কর্মচারীদের স্বজনের কাছে পৌছলে তারা কারখানা গেটে জড়ো হয়ে আহাজারি করছিলেন। হতাহত শ্রমিকের স্বজনদের আহাজারিতে কারখানা এলাকার পরিবেশ ভারি হয়ে উঠে।
খবর পেয়ে গাজীপুর মেট্টোপলিটন পুলিশের কমিশনার ওয়াইএম বেলালুর রহমান, শিল্পপুলিশের এসপি আমিরুল ইসলাম, টঙ্গী পূর্ব থানার ওসি মো. কামাল হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

নিহতরা হলেন-কারখানার পাউডার প্রিন্ট অপারেটর মো. সামসুল আলম (২০) ও তাইজুল ইসলাম (১৮)। আহতরা হলেন- রিপন মিয়া (১৮), কবির হোসেন (২৫), সাজ্জাত হোসেন (১৭), রাসেল মিয়া (১৮), রাইয়ান খান (২৫), রিমন (১৮), লাল চাঁন (২৫), মোশাররফ হোসেন (১৮), তানজিনা আক্তার (২২), কাকলি আক্তার (২০), সালমা বেগম (১৮), বেনি আক্তার (২৫), আছিফ (১৮), আতিকুল মীর (২০), আকতার হোসেন (৪০), আকাশ মিয়া (১৮), আলমগীর হোসেন (২০) ও বাবু (১৮)। আহতদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে ৭ জনকে ভর্তি ও গুরুত্বর আহত ১১ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।

ন্যাশনাল ফ্যান কারখানার কর্মচারী আব্দুল রহীম ও কাজল মিয়া জানান, প্রতিদিনের ন্যায় গতকালও তারা কারখানায় এসে কাজ শুরু করেন। হঠাৎ বেলা পৌণে ১২টার দিকে কারখানার দ্বিতীয় তলায় পোটিং-পেইন্ট ও রং সেকশনের একটি হিট চেম্বার অতিরিক্ত উত্তপ্ত হয়ে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে আগুন লেগে যায়। এতে ওই কক্ষে কর্মরতরাসহ পাশের কক্ষের মোট ২০জন শ্রমিকের মধ্যে ২জন ঘটনাস্থলেই মারা যান এবং ১৮জন বিভিন্নভাবে আহত হয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে পাঠায়।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান বলেন, ওই কারখানার তিনতলা ভবনের দ্বিতীয় তলায় হিট চেম্বার বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর টঙ্গী ফায়ার স্টেশনের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ১৮ জন শ্রমিক আহত হন।
এব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী পূর্ব থানার ওসি কামাল হোসেন জানান, এ ঘটনায় দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান ওসি।

নিহত শামসুল ইসলাম নেত্রকোনা জেলার সদরের নাইড়াপাড়া গ্রামের সাহেব আলীর ছেলে। তিনি টঙ্গীর মরকুন এলাকায় বাবা-মার সাথে ভাড়া বাসায় বসবাস করে ওই কারখানায় পাউডার প্রিন্ট অপারেটর হিসেবে কাজ করতেন। তবে এরিপোর্ট লেখা পর্যন্ত নিহত তাইজুল ইসলামের ঠিকানা পাওয়া যায়নি।