টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর আউচপাড়া মোক্তার বাড়ি রোড এলাকায় নির্মাণাধীন ভবনের পাইলিং এর পাইপের নিচে চাপা পরে অজিজুল হাকিম (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে। লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত আজিজুল শরিয়তপুর জেলার দামুড্ডা থানার মাস্টার হাটখোলা গ্রামের ইয়াসিনের ছেলে। সে স্বজনদের সাথে আউচপাড়া এলাকায় বসবাস করতো। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বেলা সাড়ে ১১টার দিকে হাইভিশন রিয়েল এষ্টেট এন্ড ডেভলাপার লিমিটেড নামক একটি প্রতিষ্ঠানের নির্মাণাধীন ভবনের নির্মাণ সামগ্রী অপসারন করছিল শ্রমিকরা। এসময় পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল শিশু আজিজুল। হঠাৎ পাইলিং এর কাজে ব্যবহিৃত একটি পাইপ ছিটকে পড়ে শিশু আজিজুলের উপর। এতে সে পাইপের নিচে চাপা পরে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবার থানায় এখনো লিখিত অভিযোগ দায়ের করেনি। ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


