টঙ্গীতে পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে আহত

অমল ঘোষ, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : টঙ্গী বাজারস্থ বানেছা মার্কেটে এক ব্যবসায়ী তার পাওনা টাকা ফেরত চাওয়ায় মার্কেটের মালিক জাহিদুল হক মাসুদ ও তার বড় ভাই বিপ্লব কর্তৃক পিটুনির শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাতে। এঘটনায় ওই ব্যবসায়ী আসাদুজ্জামান বাদী হয়ে গতকাল দুপুরে টঙ্গী পূর্ব থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

জানা যায়, টঙ্গী বাজার বানেছা মোবাইলে মার্কেটে ৩২লাখ টাকা অগ্রিম প্রদান করে পাঁচটি দোকান ভাড়া নেয় ব্যবসায়ী আসাদুজ্জামান। পরে ওই মার্কেটে বেচা বিক্রি না থাকার কারনে দোকান ছেড়ে দেন ওই ব্যবসায়ী। এর পর অগ্রিম পাওনা ৩২ লাখ টাকা ফেরত চাইলে দেই দিচ্ছি বলে তালবাহানা করে এবং না দেয়ার পাঁয়তারা করে সময়ক্ষেপন করছেন মার্কেট মালিক মাসুদ ও বিপ্লব। মঙ্গলবার রাতে ফের টাকা চাইতে গেলে মার্কেট মালিক মাসুদ ও বিপ্লব ক্ষিপ্ত হয়ে ব্যবসায়ী আসাদুজ্জামানকে মারধর করে এবং তার গায়ের পাঞ্জাবী ছিঁড়ে ফেলে। এবিষয়ে মার্কেট মালিক মাসুদ ও বিপ্লবের সাথে যোগাযোগ করা হলে তিনি ব্যবসায়ী আসাদুজ্জামানকে মারধরের বিষয়টি মিথ্যা বলে দাবি করেন।

এব্যাপারে থানার এসআই মেজবাহ উদ্দিন এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, থানায় অভিযোগ হয়েছে বিষয়টি তদন্ত সাপেক্ষ্য আইনগত ব্যবস্থা নেয়া হবে।