টঙ্গীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

অমল ঘোষ, ষ্টাফ রিপোর্টার : বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে সংবাদ সম্মেলন করেছেন মহানগর যুবলীগের যুগ্ন-আহবায়ক ও সিটি মেয়র পদপ্রার্থী সাইফুল ইসলাম। শনিবার দুপুরে টঙ্গীর কাঁঠালদিয়া এলাকায় তার নিজ বাসভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাইফুল ইসলাম বলেন, আমি ১৯৯৪ সাল থেকে রাজনীতির মাঠে সকল আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলাম ও আছি। একটি মহল আমার কর্মকান্ড ও জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় পতিপন্ন করতে গত শুক্রবার উদ্দেশ্য প্রণোদিতভাবে বানোয়াট ও মনগড়া সংবাদ প্রকাশ করে একটি জাতীয় দৈনিকে। সেখানে এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণকারী হিসেবে আমাকে উপস্থাপন করা হয়েছে। অথচ আমি কোনদিন একটি সিগারেটও খাইনি। মাদকের সাথে আমি যদি জড়িত থাকতাম আইনশৃঙ্খলা বাহিনী অবশ্যই আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতো। প্রকাশিত সংবাদে টঙ্গী ও উত্তরাসহ বিভিন্ন জায়গায় আমার যেই সম্পদের কথা উল্লেখ করা হয়েছে তার কোন সত্যতা নেই। গাজীপুরের শ্রীপুরে রিসোর্টের নামে যে সম্পদের কথা বলা হয়েছে তা বেশীর ভাগই আমার পৈত্রিক সূত্রে পাওয়া। এছাড়াও দলীয় পদ বাণিজ্য, জমি দখল বা জুট ব্যবসার সাথে তিনি জড়িত নন বলে দাবী করেন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ১’শ ঘর নির্মাণ ও গভীর নলকূপ স্থাপন প্রকল্প হাতে নিয়েছি যা এখনো চলমান রয়েছে। এসব কারণে সাধারণ মানুষ আমাকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চায়।

অপপ্রচারকারীদের উদ্যেশে তিনি আরও বলেন, টঙ্গী গাজীপুরে কারা দুষ্ট লোকদের প্রশ্রয় দেয় তা সবাই জানে। কারা নিজেদের সা¤্রাজ্য টিকিয়ে রাখতে কালো রাজনীতি করে গাজীপুরবাসি তাও জানে। আসুন আমরা অন্যের সমালোচনা না করে, অন্যের ক্ষতির চিন্তা না করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে কাজ করি। দেশের ও দলের ক্ষতি না করে আসুন দেশের জন্য মানুষের জন্য রাজনীতি করি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা সাইফুল ইসলামের পিতা হাজী ওয়াজউদ্দিন, যুবলীগ নেতা মঞ্জুর রনি, ইসমাইল হোসেন, মো. ফজল করিম, শরিফুল ইসলাম বাধন, রফিকুল ইসলাম, আল-আমীন, রাশেদ, জহিরুল ইসলাম ও সানিসহ টঙ্গী-গাজীপুরের প্রিন্ট ও ইলেকট্রনিক্্র মিডিয়ার সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ প্রমুখ।
প্রমুখ।