অমল ঘোষ, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : টঙ্গীর এরশাদ নগর এলাকায় পারিবারিক কলহের জের ধরে বড় ভাই ফারুককে (৩৩) ছুরিকাঘাতে হত্যা করেছে ছোট ভাই রবিউল ইসলাম রবু (১৮)। টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘাতক ছোট ভাই রবিউলকে গ্রেফতার ও নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
জানা যায়, এরশাদ নগর ৫ নং বøকের বাসিন্দা নিহত ফারুক একজন মাদকাসক্ত। মাদকের টাকার জন্য সে প্রায় তার বৃদ্ধ মাকে মারধর করতো। এ ছাড়া পৈত্রিক সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে পূর্ব বিরোধ ছিলো। এসব বিষয়াদি নিয়ে ছোট ভাই রবিউলের সাথে ফারুকের প্রায় ঝগড়া বিবাদ ও মারামারি হতো। প্রতিদিনের মতো মঙ্গলবার দুপুর ৪ টায় বাসায় ঢুকে ফারুক মায়ের কাছে টাকা দাবী করে। এনিয়ে মা ছেলের মধ্যে ঝগড়া লাগলে রবিউল এসে তাদের থামানোর চেষ্টা করে। এক পর্যায়ে ফারুক তার মাকে মারধর করতে থাকলে ছোট ভাই রবিউল ক্ষীপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে বড় ভাই ফারুককে আঘাত করে। পরে স্থানীয় লোকজনের গুরুতর আহত অবস্থায় ফারুককে টঙ্গীস্থ শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
আহত হয়ে তাদের মা বকুলী বেগম ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করেন।
টঙ্গী পূর্ব থানার অফিসার্স ইনচার্জ মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনী প্রকৃয়া চলমান।


