টঙ্গীতে মেরামত কাজ করতে গিয়ে সিভিল কন্ট্রাকটরের মৃত্যু

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে কারখানার মেরামত কাজ করার সময় উপর থেকে ছিটকে পড়ে আ: মতিন (৩৫) নামে এক সিভিল কন্ট্রাকটরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় পাগাড় এলাকার জাবের এন্ড যোবায়ের কারখানায় এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করেছে।

নিহত আ: মতিন চাঁদপুর জেলার মতলব (দক্ষিন) থানার কোটরাবন্দ গ্রামের আ: মোতালেব মিয়াজীর ছেলে। নিহতের সহকর্মী সফিকুল ইসলাম জানায়, মতিন পাগাড় এলাকার একটি বাড়িতে ভাড়া বাসায় থেকে জাবের এন্ড যোবায়ের কারখানায় সিভিল কন্ট্রাকটরের কাজ করতো। তার অধীনে ৮-৯ জন লোক কাজ করে। প্রতিদিনের ন্যায় সকাল ৮ টায় কাজে এসে কাখানার ডাইংয়ের উপর দিয়ে পানি নিস্কাশনের জন্য মেরামত কাজ করছিলাম। সন্ধ্যা ৭ টার দিকে কাজ করার সময় উপর থেকে আচমকা ছিটকে নিচে পড়ে যায় মতিন। এ সময় সে মাথা, পাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে গুরুতর আহত হয়। অন্যান্য শ্রমিকরা উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

টঙ্গী পূর্ব থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. জাবেদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। তার স্বজনরা চাইলে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর হাসপাতাল মর্গে পাঠানো হবে অন্যথায় তাদের নিকট হস্তান্তর করা হবে।