টঙ্গীর আরিচপুর মধুমিতা রেল গেইট সংলগ্ন

টঙ্গীতে রেল লাইনের পাশে মিললো নিখোঁজ মাদ্রাসা ছাত্রীর মরদেহ

অমল ঘোষ, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: টঙ্গীর আরিচপুর মধুমিতা রেল গেইট সংলগ্ন এলাকায় ইটের খোঁয়ার উপর থেকে এক মাদ্রাসা ছাত্রীর মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে পুলিশ। নিহত শিশুটির নাম চাঁদনি আক্তার (৭)।

সে সুনামগঞ্জ জেলার শাল্লা থানার সুলতানপুর গ্রামের মামুন মিয়ার মেয়ে। শুক্রবার দুপুর থেকে নিখোঁজ ছিলো সে।
পুলিশ ও নিহতের পিতা মামুন জানায়, চাঁদনী পরিবারের লোকজনের সাথে আরিচপুর এলাকার কাউসার মিয়ার বাড়ির বাড়া বাসায় বাস করেতো এবং স্থানীয় একটি মাদ্রাসায় প্রথম শ্রেণীর শিক্ষার্থী।

গত শুক্রবার দুপুর থেকে সে নিখোঁজ ছিলো। এক পর্যায়ে খোঁজাখঁজি করে না পেয়ে এলাকার বিভিন্ন মসজিদে মাইকিং করে খোঁজ মিলেনি শিশুটির। শনিবার সকাল ৯ টার দিকে স্থানীয়রা আরিচপুর মধুমিতা রেল গেইট সংলগ্ন এলাকায় ইটের খোঁয়ার উপর ওই মাদ্রাসা ছাত্রীর মরদেহ পরে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশের সহকারী পুলিশ পরিদর্শক আজিবর রহমান ঘটনাস্থল থেকে নিহত চাঁদনীর মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

এ বিষয়ে যোগাযোগ করা হলে টঙ্গী পুর্ব থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, কোন পূর্ব বিরোধের জেরে শিশুটিকে শ্বাসরোধ করে হত্যার পর পরিত্যক্ত ইটের স্তুপের মধ্যে ফেলে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে মেডিকেল রিপোর্ট পেলেই বিস্তারিত বলা যাবে।