অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার

টঙ্গীতে র‌্যাবের সাথে কথিত ‘বন্দুকযুদ্ধে’ সন্ত্রাসী নিহত

অমল ঘোষ, টঙ্গী (গাজীপর) প্রতিনিধি : টঙ্গীতে র‌্যাবের সাথে কথিত ‘বন্দুকযুদ্ধে’ জাহাঙ্গীর হোসেন পিংকু (৪০) নামের এক তালিকাভুক্ত সন্ত্রাসী নিহত হয়েছে। সোমবার গভীর রাতে টঙ্গীর টিএনটি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনস্থল থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করেছে র‌্যাব সদস্যরা। নিহত পিংকু মহাখালী ৭ তলা বস্তির বাসিন্দা এবং চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার গোসাইর চরের আবু জাফরের ছেলে।

র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, সন্ত্রাসী পিংকু টঙ্গী পূর্ব থানার টিএনটি বাজার এলাকায় অবস্থান করছে। এমন গোপন সংবাদ পেয়ে সোমবার দিবাগত রাত ২ টার দিকে টিএনটি বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে র‌্যাব-১ এর সদস্যরা। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পিংকু ও তার বাহিনীর সন্ত্রাসীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে সন্ত্রাসী পিংকু গুলিবিদ্ধ হয় ও অন্যরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। গোলাগুলির সময় র‌্যাবের এক সদস্য আহত হয়েছে। তাকেও হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে দু’টি বিদেশি পিস্তল, ১১টি রাউন্ড তাজা গুলি, দু’টি ম্যাগজিন, তিনটি খালি কার্তুজ ও ১ হাজার ৯’শ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে র‌্যাব।

তিনি আরও জানান, পিংকু একজন চিহ্নিত সন্ত্রাসী। সে হত্যা, ডাকাতি, অস্ত্র ও মাদকের কারবার করত। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদক আইনে বিভিন্ন থানায় ১৪টি মামলা রয়েছে।