টঙ্গীতে সন্ত্রাস ও মাদক বিরোধী আলোচনা সভা

অমল ঘোষ, টঙ্গী-গাজীপুর :  টঙ্গীর আরিচপুর নেকবর আলী বাইতুল জেহাদ নুরানী জামে মসজিদ এলাকায় সন্ত্রাস ও মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে আরিচপুর মহল্লাবাসীর উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় ৫৬ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন। এতে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন, দুলু খান, এম এম নাসির উদ্দিন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যের ওসি মো. কামাল হোসেন বলেন, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিরো টলারেন্স। তাই টঙ্গী পূর্ব থানা এলাকায় যে সব সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী রয়েছেন তারা হুঁশিয়ার হয়ে যান। ভালো পথে আসেন। না হয় আপনাদের বিরুদ্ধে থানা প্রশাসন জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে।

গাজীপুর-২ আসনের এমপি মো. জাহিদ আহসান রাসেলের কর্মকান্ডের উদাহরণ টেনে ওসি আরও বলেন, আমি টঙ্গী থানার দায়িত্বে যতদিন যাবত রয়েছি, কোনদিনও এমপি সাহেব কোন সন্ত্রাসী বা মাদক ব্যবসায়ীর ব্যাপারে সুপারিশ করেননি। তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে এলাকাবাসীর হাতে এলাকার সন্ত্রাস ও মাদক ব্যবসায়ীদের দমনে লাঠি ও বাঁশির ব্যবস্থা করবেন বলে আশ্বস্ত করেন।

কাউন্সিলর আবুল হোসেন সন্ত্রাস ও মাদক ব্যবসায়ীদের হুঁশিয়ার করে বলেন, আরিচপুর এলাকায় যারা মাদক ও সন্ত্রাসের সাথে জড়িত তারা ভালো পথে ফিরে আসেন। চাকরি অথবা ব্যবসা করে সৎ পথে চলেন। অন্যথায় আপনাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।