টঙ্গীতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

অমল ঘোষ, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে স্বামীর হাতে স্ত্রী ছমিরুন নেছা (২৫) নামে এক পোষাক শ্রমিককে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে স্বামী ফজলুর রহমান ফরহাদ পলাতক রয়েছে।

খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে টঙ্গীর গাজীপুরা বাসস্টান্ড এলাকার আলী আকবর মিয়ার বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত ছমিরুন শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলা সন্নাষী ভিটা গ্রামের ছামিদুল হকের মেয়ে।স্থানীরা জানায়, নিহত ছমিরুন স্থানীয় একটি পোষাক কারখানায় চাকরি করতেন। নানা বিষয় নিয়ে প্রায়ই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড় বিবাদ লেগে থাকতো। গতকাল বৃহস্পতিবার সরকারি ছুটির দিন থাকায় সারাদিন কেউ তেমন খোঁজ না নিলেও দুপুরের দিকে বাহির থেকে ছিটকিনি আটকানো দেখে প্রতিবেশীরা ছিটকিনি খুলে ছমিরুনের নিথর দেহ বিছানায় পরে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর মূল কারন নিশ্চিত হওয়া যাবে।