টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর নগরীর টঙ্গীতে চার শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এদের মধ্যে তিন মেয়ে শিশুর বয়স আট, সাত ও পাঁচ এবং ছেলে শিশুর বয়স তিন। শিশুদের শারীরিক পরীক্ষা ও চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার রাতে আউচপাড়া মোক্তারবাড়ি রোড এলাকার হাবিবুর রহমানের বাড়িতে (নং-সেবা-৫০) এ ঘটনা ঘটে। অভিযুক্ত বেলায়েত হোসেন বেনুকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ এবং বিল্লাল হোসেন (৪৭) নামে অপর একজন পলাতক রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বেলায়েত ও বিল্লাল একই বাড়িতে বাস করতেন। রোববার রাত ৮টার দিকে ওই চার শিশু বাড়ির উঠানে খেলা করছিল। তারাবি নামাজের কারনে এ সময় বাড়ি নির্জন থাকায় খাবার কিনে দেবার কথা বলে একে একে চার শিশুকে ডেকে নিজ কক্ষে নিয়ে ধর্ষণ করে। পরে বিষয়টি জানাজানি হয়ে পড়লে ঘটনার দিন রাতেই কয়েক হাজার টাকার বিনিময়ে তা ধামাচাপা দেওয়ার চেষ্টা চালান অভিযুক্ত ও তার পরিবারের লোকজন।
ঘটনার একদিন পর স্থানীয় কয়েকজন যুবক পুলিশে খবর দিলে পুলিশ এক অভিযুক্তকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। স্থানীয়রা জানান, বেলায়েত ওই বাসার কেয়ারটেকার। গত কয়েক সপ্তাহ ধরেই এমন কাজ করেছিলেন।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো. এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে। গ্রেফতাকৃতকে জেল হাজতে পাঠানো হয়েছে। অপর আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।


