অমল ঘোষ, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পুর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ ফল আসে বুধবার। টঙ্গী জোনের সহকারি পুলিশ কমিশনার থোয়াই অং প্রæ মারমা বিষয়টি নিশ্চিত করেছেন।
গাজীপুর মেট্রোপলিটনের সহকারি পুলিশ কমিশনার টঙ্গী জোন থোয়াই অংপ্র মারমা জানান, কয়েকদিন পূর্বে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন ওসি মো. আমিনুল ইসলাম। বুধবার সকালে তার করোনা পজেটিভ ফল আসে। বর্তমানে তিনি থানার ভেতরে একটি নির্দিষ্ট কক্ষে আইসোলেশনে (বিচ্ছিন্নকরন) আছেন। তবে এর আগেও একই থানার একজন পুলিশ সদস্য করোনায় পজেটিভ হওয়ায় তাকে আইসোলেশনে পাঠানো হয়েছে। ওসি করোনায় আক্রান্ত হওয়ায় থানার পরিদর্শক (তদন্ত) মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে থানার কার্যক্রম চলছে বলেও জানান তিনি।
পুর্ব থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, গত ১ জুন শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নমুনা দেওয়া হয়। বুধবার দুপুরে তার করোনা পজেটিভের ফল আসে। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।


