টঙ্গী বাজার ফুটপাতে বসা ৩ শতাধিক অস্থায়ী দোকান উচ্ছেদ

অমল ঘোষ, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি :  টঙ্গী বাজার হাজী মার্কেটের সামনে ফুটপাতে বসা ফলপট্রিসহ বাজারের বিভিন্ন অলিগলিতে অস্থায়ী ভাবে গড়ে উঠা অ‌বৈধ স্থাপনা উচ্ছেদে বিশেষ অভিযান পরিচালনা করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। আজ মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এ অভিযানে প্রায় ৩ শতাধিক দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে বাজারের এক ব্যবসায়ী জানান, বহু বছর ধরে টঙ্গী বাজারের বিভিন্ন গলিতে গড়ে ওঠা ফুটপাত কেউ উচ্ছেদ করেনি। এর কারনে এলাকায় মানুষ দীর্ঘদিন যাবত কষ্ট করছে। উচ্ছেদের জন্য এখন মানুষ খোলামেলা চলতে পারবে। এ জন্য টঙ্গী পূর্ব থানা পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা চাই বাজারের পরিবেশ যেন সব সময় এমন থাকে। পরবর্তীতে যাতে এসব দোকানপাট বসতে না পারে সে জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেন এর নির্দেশে এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম। দীর্ঘ দিন যাবত টঙ্গী বাজারে বিভিন্ন গলিতে গড়ে ওঠা ফুটপাতের কারনে সাধারণ মানুষ চলাচলে চরম দূর্ভোগ পোহাচ্ছে। মহামারী করোনার এই সময়ে সাধারণ মানুষ যাতে শারিরীক দূরত্ব বজায় রেখে চলাচল করতে পারে এবং কয়েকদিন পরই ঈদ উপলক্ষে বাজারে অধিক লোকের সমাগম হবে। করোনা ভাইরাস সংক্রমন যাতে নিয়ন্ত্রনে থাকে সে জন্যই আগাম প্রস্ততি হিসেবে ফুটপাত উচ্ছেদ করা হয়েছে। পরবর্তীতে কেউ ফুটপাতে দোকান বসালে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ পুলিশ কমিশনার ক্রাইম (দক্ষিন) মো. সাহাদাৎ হোসেন, টঙ্গী জোনের সহকারী পুলিশ কমিশনার থোয়াই অং প্রæ মারমা, স্থানীয় কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন সরকার, টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) মো. জাহিদুল ইসলাম, পরিদর্শক (অপারেশন) সুব্রত কুমার পোদ্দারসহ থানার অন্যান্য পুলিশ সদস্য।