টাকা দিয়েও গ্যাস পাচ্ছে না ৫৫০ শিল্পপ্রতিষ্ঠান

দেশে শিল্প এবং ক্যাপটিভ সংযোগের জন্য গ্যাস বিতরণ কোম্পানিগুলোর কাছে জমা আছে ১ হাজার ৮০০টি আবেদনপত্র। এর মধ্যে ডিমান্ড নোটের টাকা জমা দিয়ে গ্যাস সংযোগের জন্য ৪-৫ বছর ধরে অপেক্ষায় রয়েছে ৫৫০টি শিল্পপ্রতিষ্ঠান। এই ৫৫০ প্রতিষ্ঠানের প্রতিটি কোম্পানিকে কয়েক কোটি টাকা করে ডিমান্ড নোটের টাকা জমা দিতে হয়েছে। গ্যাস সংযোগ না পাওয়ায় একদিকে যেমন দেশের শিল্পায়ন থমকে আছে, হচ্ছে না কর্মসংস্থান এবং দেশি-বিদেশি বিনিয়োগ; অন্যদিকে দেশে বাড়ছে বেকারত্বের হার, সমাজে বাড়ছে অস্থিরতা। এমন পরিস্থিতিতে শিল্পে গ্যাসের সংযোগ নিয়ে রোববার সচিবালয়ে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সভাপতিত্বে এক বৈঠক হয়। সেখানে শিল্পে গ্যাসের সংযোগের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে উল্লেখ করা হয়েছে, ৪-৫ বছর ধরে শিল্পে গ্যাস সংযোগ দেওয়া হচ্ছে না। এমনকি ৫৫০টি শিল্পপ্রতিষ্ঠান হাজার কোটি টাকার বেশি ডিমান্ড নোটের টাকা জমা দিয়েছে তিতাস, জালালাবাদ, কর্ণফুলী ও বাখরাবাদ গ্যাস বিতরণ কোম্পানির কাছে। বলা হয়েছে, গ্যাস সংযোগ না দেওয়ার বিষয়টি অর্থনীতির জন্য অশনিসংকেত। বৈঠক শেষে জ্বালানিমন্ত্রী যুগান্তরকে বলেছেন, শিল্পে গ্যাসের সংযোগ দেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আরও কিছু মিটিং করতে হবে। তবে সংযোগ দেওয়া হলে সবার আগে ডিমান্ড নোটের টাকা জমা দেওয়া শিল্পপ্রতিষ্ঠান অগ্রাধিকার পাবে। আওয়ামী লীগ সরকারের আমলে শিল্পে গ্যাস সংযোগের ব্যাপারে নিয়মনীতি মানা হয়নি। এখন জ্বালানি খাতে শৃঙ্খলা আনতে সময় লাগবে। সরকার ক্ষমতায় আসার পর এই প্রথম শিল্পে গ্যাস সংযোগ নিয়ে জ্বালানি বিভাগে বৈঠক হলো। বৈঠকে জ্বালানি সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম ছাড়াও দেশের সব গ্যাস বিতরণ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকরা উপস্থিত ছিলেন।

কথা হয় একজন শিল্পমালিকের সঙ্গে। তিনি জানিয়েছেন, গ্যাস সংযোগের ব্যাপারে সরকারের পরিকল্পনার অভাব আছে। এর প্রমাণ হচ্ছে হবিগঞ্জ এলাকায় গ্যাসের চাপ থাকা সত্ত্বেও শিল্পে গ্যাস দেওয়া হচ্ছে না। উপরন্তু শিল্প চালু রাখতে দিনে সাড়ে তিন লাখ টাকার এলপিজি ব্যবহার করা হচ্ছে।

এতে তার শিল্প রুগ্ণ হচ্ছে। অন্যদিকে এলপিজি আমদানির কারণে দেশের মূল্যবান বৈদেশিক মুদ্রার অপচয় হচ্ছে।

জ্বালানি বিভাগ থেকে বলা হয়, শিল্পে গ্যাস সংযোগের জন্য দেশের ৬টি গ্যাস বিতরণ কোম্পানিতে আবেদন পড়ে আছে ১ হাজার ৮০০টি। এই ১ হাজার ৮০০ সংযোগ দিতে দৈনিক ১০০ কোটি ঘনফুট গ্যাসের দরকার হবে। বৈঠকে পেট্রোবাংলা জানিয়েছে, দেশে এখন গ্যাসের চাহিদা ৩৮০ কোটি ঘনফুট। এর মধ্যে সরকার গ্যাস সরবরাহ দিচ্ছে ২৬০ কোটি থেকে ২৭০ কোটি ঘনফুট। এ কারণে অনেক এলাকার শিল্প-কলকারখানা চাহিদামতো গ্যাস পাচ্ছে না। এমনকি বিদ্যুৎ ও সার কারখানা বন্ধ রাখা হচ্ছে। তবে বিদ্যুৎ ও সার কারখানার বাইরে শিল্পকারখানাকে সবার আগে অগ্রাধিকার দিয়ে সংযোগ দেওয়া দরকার বলে মতপ্রকাশ করা হয় রোববারের বৈঠকে।

তিতাস গ্যাস বিতরণ কোম্পানিতে গ্যাস সংযোগের আবেদন জমা আছে ১ হাজার ৩০০টিরও বেশি। ডিমান্ড নোটের টাকা জমা দিয়েছে ৫০০-এর বেশি শিল্পপ্রতিষ্ঠান। তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ পারভেজ যুগান্তরকে বলেছেন, শিল্পগ্রাহকরা অনেকদিন সংযোগের জন্য অপেক্ষা করছেন। এই গ্রাহকদের একটি চিত্র জ্বালানি বিভাগকে জানানো হয়েছে। তবে এখনই সংযোগ দেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। এরপর সবচেয়ে বেশি আবেদন পড়ে আছে কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানিতে। সেখানে ৩০০-এর বেশি আবেদন জমা আছে। বৈঠকে উপস্থিত এক সরকারি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, সরকার এখন শিল্পে গ্যাস সংযোগ দিতে আলাপ-আলোচনা শুরু করেছে। সেখানে বলা হয়েছে, শিল্প বাঁচাতে হবে। এজন্য গ্যাস সংযোগ দেওয়ার বিকল্প নেই। বিএনপির নির্বাচনি ইশতেহারে বলা হয়েছে, ৫ বছরে বিএনপি সরকার এক কোটি লোকের কর্মসংস্থান তৈরি করবে। শিল্পে গ্যাস সংযোগ ছাড়া কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব নয়। তাই গ্যাস সরবরাহ বাড়িয়ে সবার আগে শিল্পে গ্যাস সংযোগ দেওয়া জরুরি। এজন্য সবার আগে গ্যাস সরবরাহ বাড়াতে সরকারকে উদ্যোগ নিতে হবে। বৈঠকে বলা হয়, স্থানীয় পর্যায়ে গ্যাসের উৎপাদন বাড়াতে আওয়ামী লীগ সরকারের আমলে ৫০টি কূপ খননের পরিকল্পনা নেওয়া হয়েছে। ১০০ কূপ খননের পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। কিন্তু সেই কূপগুলোর মধ্যে বেশ কয়েকটি খনন করা হয়েছে। কিন্তু কাঙ্ক্ষিত ফল আসছে না।

রোববারের বৈঠকে ডিমান্ড নোটের টাকা জমা দেওয়া কিছু প্রতিষ্ঠানকে গ্যাস সংযোগ দেওয়ার ব্যাপারে আলাপ হয়। বলা হয়, নতুন আবেদনকারীকে আপাতত গ্যাস সংযোগ দেওয়া যাবে না। কিন্তু ডিমান্ড নোটের টাকা জমা দেওয়া প্রতিশ্রুত কিছু শিল্পগ্রাহককে গ্যাস দেওয়া যায় কি না, তা বিবেচনা করছে সরকার। এ ব্যাপারে বলা হয়, গ্যাসের উৎপাদন বাড়ছে না। তবে অদক্ষ ক্যাপটিভ পাওয়ার খাতে গ্যাস বন্ধ করে সেই গ্যাস শিল্পে সরবরাহ করা যেতে পারে।

সংশ্লিষ্টরা জানান, আওয়ামী লীগ সরকারের আমলে গ্যাসের উৎপাদন না বাড়িয়ে শত শত সংযোগ দেওয়া হয়েছে। তাদের কাছ থেকে ডিমান্ড নোটের ফি হিসাবে শত শত কোটি টাকা জমা নেওয়া হয়। কিন্তু তারা কোনো গ্যাস পাননি। এ ধরনের অনেক আবেদনকারী ৪-৫ বছর বসে আছেন। তারা ব্যাংক থেকে হাজার কোটি টাকা ঋণ নিয়ে এখন গ্যাসের জন্য শিল্পকারখানা চালু করতে পারছেন না। এ কারণে তারা খেলাপি হচ্ছেন।