নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : বৃহস্পতিবার ভোর রাতে ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়নের ১১নং গুপ্ত বৃন্দাবন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টাকালে পুলিশের গুলি করে। এতে একজন নিহত হওয়া এবং পরে সংঘর্ষে ওই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়। এতে সাগরদিঘী ইউনিয়নের পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ হয়নি।
টাঙ্গাইলের তিনটি উপজেলার আটটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে তিনটিতে বিএনপি, একটিতে আওয়ামী লীগ, একটিতে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী ও দুটিতে স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। একটি কেন্দ্রে ভোট স্থগিত হওয়ায় সেই ইউনিয়নের ফলাফল চূড়ান্ত হয়নি।
জেলা নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম বৃহস্পতিবার রাত ৯টায় বেসরকারি ফলাফল ঘোষণা করেন। এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
আটটি ইউনিয়নের মধ্যে সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নে বিএনপির মনোনীত প্রার্থী মাজেদুর রহমান তালুকদার নির্বাচিত হয়েছেন। কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হাসমত আলী নির্বাচিত হয়েছেন।
ঘাটাইল উপজেলার ছয়টি ইউনিয়নের মধ্যে সন্ধানপুর ইউনিয়নে বিএনপি প্রার্থী শহীদুল ইসলাম ও ধলাপাড়া ইউনিয়নে বিএনপি প্রার্থী এজাহারুল ইসলাম ভূইয়া, সংগ্রামপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আব্দুর রহিম, রসুলপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এমদাদুল হক সরকার এবং লক্ষিন্দর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী একাব্বর হোসেন নির্বাচিত হয়েছেন।


