টাঙ্গাইলে আসামি ধরাকে কেন্দ্র করে পুলিশের সাথে এলাকাবাসীর সংঘর্ষে ২০ জন আহত

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : রোববার বেলা সাড়ে ১১টার দিকে গোপালপুর পৌর এলাকায় এই ঘটনা ঘটে। টাঙ্গাইলের গোপালপুরে আসামি ধরাকে কেন্দ্র করে পুলিশের সাথে এলাকাবাসীর সংঘর্ষ হয়েছে। এতে পুলিশ ও শিশুসহ আহত হয়েছেন অন্তত ২০ জন। জানা যায়, শনিবার রাতে গোপালপুর পৌর এলাকার কোনাবাড়ী আবঙ্গী থেকে মাদক বিক্রির অভিযোগে শফিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে ৩৭ পিস ইয়াবাসহ ধরে নেয় পুলিশ। পরে সকালে তার পরিবারের সদস্যরা গোপালপুর থানায় আটক ব্যক্তির সাথে দেখা করতে গেলে পুলিশের সাথে কথা কাটাকাটি হয়। এই ঘটনা ছড়িয়ে পড়লে স্থানীয় নারী-পুরুষরা গোপালপুর থানা ঘেরাও করে। এ সময় তাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রায় ২৭ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। পরে উত্তেজিত জনতা গোপালপুর পৌর এলাকায় ছড়িয়ে পড়ে বেশ কিছু গাড়ি ভাঙচুর ও সড়ক অবরোধ করে। এ সময় পুলিশের সাথে তাদের ইট-পাকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ তাদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এই ঘটনায় ছয় পুলিশ সদস্য, এক শিশু, নারীসহ অন্তত ২০ জন আহত হন। আহতদের মধ্যে দুই পুলিশ সদস্যকে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় পুলিশের ওপর হামলার অভিযোগে ঘটনাস্থল থেকে সুমন ও সোহেল নামের দুইজনকে আটক করা হয়েছে। গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন জানান, মাদক বিক্রির অভিযোগে আটক আসামিকে মুক্তির জন্য এলাকাবাসী যানবাহন ভাঙচুর ও পুলিশের ওপর হামলা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগানের ২৭ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। এ সময় পুলিশের ওপর স্থানীয়রা হামলা করলে ছয় পুলিশ সদস্য আহত হন। এদিকে স্থানীয়দের অভিযোগ, আটক ব্যক্তি নিরীহ প্রকৃতির মানুষ। মিথ্যা অভিযোগে তাকে ফাঁসানো হয়েছে। গোপালপুর পৌরসভার মেয়র রকিবুল হক সানা অভিযোগ করেন, নিরীহ মসলা মিলের মালিক শফিকুলকে পুলিশ গ্রেপ্তার করে। রোববার সকালে তার স্বজনরা গোপালপুর থানায় শফিকুলকে দেখতে গেলে পুলিশের সাথে কথাকাটি হয়। পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করলে ১২ বছরের এক কিশোরীর হাত ভেঙে যায়। এ খবর কোনাবাড়ী এলাকাবাসীদের মধ্যে ছড়িয়ে পড়লে উত্তেজনা সৃষ্টি হয়। পরে বিক্ষুদ্ধ গ্রামবাসী মিছিল ও রাস্তা অবরোধ করে রাখে। পরে পুলিশ কোনাবাড়ি গ্রামে গিয়ে তাদের ছত্রভঙ্গ করতে ২৭ রাউন্ড গুলি ছোঁড়ে এবং বাড়ি বাড়ি গিয়ে পুলিশ নারী ও শিশুদের ওপর লাঠিচার্জ করে।