টাঙ্গাইলের ঘাটাইলে কাভার্ডভ্যান চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (২৮ ডিসেম্বর) সকালে ভূঞাপুর-টাঙ্গাইল সড়কের সিঙ্গুরিয়া ব্রিজের ওপর এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ভূঞাপুরের কাগমারীপাড়া গ্রামের মো. রশিদ (১৫), মুন্না (১৮) এবং একই গ্রামের সৌরভ (১৯)।
ভূঞাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুরাদ হোসেন জানান, সোমবার সকালে ফ্রেশ কোম্পানির একটি ট্রাক টাঙ্গাইল-ভূঞাপুর সড়কের সিংগুরিয়া ব্রিজের ওপর পৌঁছালে বিপরীত থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হন মোটরসাইকেলের আরও দুই আরোহী।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। অপরজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে আহতকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করলে পথেই তারও মৃত্যু হয়েছে। মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে। প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


