নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাভার্ড ভ্যান চালক নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। আহতদের ২৫০ শয্যাবিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সরাতৈল এলাকায় দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) আছাবুর রহমান জানান, মহাসড়কের সরাতৈল এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রাককে পিছন থেকে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এ সময় সংঘর্ষে ঘটনাস্থলে কাভার্ড ভ্যানটির চালক মারা যান। আহত অবস্থায় ভ্যানটির হেলপারসহ তিনজনকে ২৫০ শয্যাবিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মৃতদেহ বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় রয়েছে।


