টাঙ্গাইলে ড্রেন থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে ড্রেন থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার অলোয়া ইউনিয়নের নিকলা দড়িপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তরুণী ভাসানী (১৮) গোবিন্দাসী ইউনিয়নের ভাদুরিচর গ্রামের আব্দুল কুদ্দুসের মেয়ে।

এলাকাবাসী জানায়, উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের শালদাইর গ্রামের কুদ্দুসের মেয়ে ভাসানী পার্শ্ববর্তী দড়িপাড়া নিকলা গ্রামে নানা রুস্তমের বাড়িতে থাকতো। বুধবার ভাসানী মায়ের সঙ্গে দেখা করে সন্ধ্যায় আবার নানাবাড়ির উদ্দেশে রওনা দেয়।

কিন্তু পরদিন বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে ড্রেনে ভাসানীর মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পরিবারের লোকজনের দাবি, ভাসানী প্রতিবন্ধী ছিলো। বুধবার বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি। তাদের ধারণা কেউ তাকে শ্বাসরোধে হত্যার পর মরদেহটি ওই ড্রেনে ফেলে গেছে।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম মিঞা জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে পরিবার থেকে পাওয়া তথ্যে ধারণা করা হচ্ছে মেয়েটি প্রতিবন্ধী ও মৃগীরোগে আক্রান্ত ছিল। এ কারণে সে পথেই অসুস্থ হয়ে মারা গেছে। এ ঘটনায় নিহতের মা থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন।