টাঙ্গাইলে বাসাইলে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি : জেলার বাসাইলে পানিতে ডুবে ফকির চাঁন দয়াল (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে। দয়াল উপজেলার কলিয়া গ্রামের বাবলু শিকদারের একমাত্র ছেলে।

দয়ালের পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরের দিকে দয়াল অন্য শিশুদের সঙ্গে পার্শ্ববর্তী বিলে গোসল করতে যায়। গোসল শেষে অন্য সব শিশুরা বিল থেকে ওঠে আসলেও দয়াল ডুবে যায়। পরে তার পরিবারের সদস্যরা বিলের পানিতে খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে উদ্ধার করে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

স্থানীয় ইউপি সদস্য কামরুল শিকদার শিশুটির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।