টাঙ্গাইলে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : শনিবার দুপুরের দিকে সখীপুর-গোপীনপুর সড়কের তৈলধারা বটার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

টাঙ্গাইলের সখীপুরে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবদুল বাছেদ মিয়া (৩০) নামে একজন নিহত হয়েছেন। তিনি দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলের চালক ছিলেন। নিহত বাছেদ উপজেলার জিতাশ্বরী এলাকার আবদুল জব্বার মিয়ার ছেলে।

সখীপুর থানার ওসি এসএম তুহিন আলী জানান, দুপুরের দিকে বাছেদ মিয়া মোটরসাইকেল নিয়ে মাছ ধরার জন্য সখীপুর থেকে চাপড়াবিল যাচ্ছিলেন। পথে সখীপুর-গোপীনপুর সড়কের তৈলধারা বটার মোড় নামক এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাছেদ মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘাতক বাসটিকে আটক করলেও এর চালক পালিয়ে গেছে।