টিউবওয়েল বসাতে গিয়ে শ্রীনগরে গ্যাসের সন্ধান

সুমন হোসেন শাওন, মুন্সীগঞ্জ সংবাদদাতাঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে টিউবওয়েল বসাতে গিয়ে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। বুধবার ১৫,আগস্ট দুপুর ২ টায় উপজেলার বীরতারা ইউনিয়নের সাতগাঁও গ্রামে এই গ্যাসের সন্ধান পাওয়া যায়। স্থানীয়রা জানায়, সাতগাঁও গ্রামের বটতলা বিজয় মেম্বারের বাড়ীতে একটি টিউবওয়েল বসানো কাজ করছিল শ্রমিকরা। এ সময় টিউবওয়েল বসানোর উদ্দেশে তারা মাটি খনন করার সময় গ্যাসের উপস্থিতি টের পেয়ে স্থানীয় ব্যক্তিবর্গদের জানান। সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর একটি দল ঘটনাস্থলে আসেন। এ বিষয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোঃ আরিফুজ্জামান শেখ জানান, আমরা ঘটনাস্থলে আগুন জালিয়ে গ্যাসের উপস্থিতি পেয়ে উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি অবগত করি। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলাম জানান, এ বিষয়ে উর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তাৎক্ষনিক ভাবে ধারনা করা হচ্ছে এখানে পকেট গ্যাস রয়েছে। গ্যাসের চাপ খুব কম। তবে পেট্রোবাংলার উর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে। আপাতত ওই স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। খুব শীঘ্রই পেট্রোবাংলার বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শনে আসবেন।