টেকনাফে উদ্ধার মালয়েশিয়া ফেরত ৩৯৬ রোহিঙ্গা কোয়ারেন্টিনে

জেলা প্রতিবেদকঃ কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ডের হাতে উদ্ধার হওয়া মালয়েশিয়া ফেরত ৩৯৬ রোহিঙ্গা শরণার্থীকে ১৪ দিনের কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের তত্ত্বাবধানে কক্সবাজারের উখিয়ার কুতুপালং ও টেকনাফ ট্রানজিক ক্যাম্পে তাদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল তিনটার দিকে কোস্টগার্ডের এ রোহিঙ্গা শরণার্থীদের ইউএনএইচসিআরের কাছে হস্তান্তরের পর তাদের কোয়ারেন্টিনে পাঠানো হয়।
এর আগে বুধবার (১৫ এপ্রিল) রাত ১০ টার দিকে টেকনাফের বাহারছড়া শামলাপুরের জাহাজ ঘাটে আসে রোহিঙ্গা বোঝাই ট্রলারটি। সেখান থেকে কোস্টগার্ড তাদের আটক করে।
টেকনাফ কোস্টগার্ডের স্টেশন কমান্ডার সোহেল রানা  জানান, বৃহস্পতিবার বিকেলে উদ্ধার করা এ রোহিঙ্গা শরণার্থীদের হস্তান্তর করা হয়েছে। যেহেতু সবাই দেশের বাইরে থেকে এসেছে তাই সবাইকে ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখার সিদ্বান্ত হয়।
তিনি জানান, ট্রলারে থাকা রোহিঙ্গা শরণার্থীরা একেকজন ভিন্ন ভিন্ন তথ্য দিচ্ছেন। তবে ধারণা করা হচ্ছে, সব মিলিয়ে তারা ৪৫০ জনের মতো ছিলেন। সেখান থেকে ৩৯৬ জনকে উদ্ধার করা হয়। বাকিরা বিভিন্ন সময়ে খাবারের অভাবে বা অসুস্থ হয়ে মারা গেছেন।
সোহেল রানা জানান, উদ্ধার হওয়া রোহিঙ্গাদের ভাষ্যমতে প্রায় দু’মাস আগে তারা বাংলাদেশ থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে সাগর পথে রওয়ানা দেন। মালয়েশিয়া ঢুকতে না পারায় তারা আবার বাংলাদেশে ফেরত আসেন।