ঢাকাঃ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার বলেছেন, প্রযুক্তির উন্নয়নের ফলে ক্রমেই স্পেশাল ডাটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। স্পেশাল ডাটা সংগ্রহ ও উৎপাদন সময় সাপেক্ষ ও ব্যয় সাধ্য। তিনি বাস্তবতা বিবেচনায় সরকারি ও বেসরকারি বিভিন্ন পর্যায়ের ডাটা প্রোভাইডিং প্রতিষ্ঠানসমূকে একই প্লাটফর্মে নিয়ে আসার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এতে সময় এবং অর্থের অপচয় বন্ধ হবে। প্রযুক্তি আগামী দিনের জন্য কেবল বাংলাদেশের জন্যই নয় সারা দুনিয়ার জন্য একটা বড় চ্যালেঞ্জ।
মন্ত্রী আজ ঢাকায় হোটেল সোনারগাঁয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়, সার্ভে অব বাংলাদেশ এবং জাইকার যৌথ উদ্যোগে আয়োজিত ‘ পাইলট প্রজেক্ট ফর ডিজাইনিং আইডিয়াল ন্যাশনাল স্পেশাল ডাটা ইনফ্রাসট্রাকচার ( এনএসডিআই) শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
জনাব মোস্তাফা জব্বার, কৃত্রিমবুদ্ধিমত্তা, বিগডাটা, এবং আইওটিসহ আগামী দিনের প্রুযুক্তির চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুতি নেওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেন, দেশের টেকসই ও অবকাঠামোগত উন্নয়নে জিও স্পেশাল ডাটার গুরুত্ব অপরিসীম। বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠান বিচ্ছিন্নভাবে জিও স্পেশাল ডাটা প্রস্তুত ও ব্যবহার করছে। এনএসডিআই এর মাধ্যমে সকল জিও স্পেশাল ডাটা একই প্লাটফর্মে সংরক্ষিত থাকবে এবং এতে ডাটার ডুপ্লিকেসী থাকবে না। জিও স্পেশাল ডাটা ব্যবহারকারী সকল প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী ডাটা ব্যবহার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের মধ্যে তথ্য উপাত্ত বিনিময় সহজতর হবে।
মন্ত্রী বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালে আন্তর্জাতিক এনএসডিআই সেমিনারে বাংলাদেশে ্ এনএসডিআই এর গুরুত্বের কথা তুলে ধরার পর প্রযুক্তি সংশ্লিষ্টরা বিষয়টিকে খুবই গুরুত্বের সাথে দেখছেন। এনএসডিআই বাংলাদেশের জন্য এখন আর কোন স্বপ্ন নয় ইনশাল্লাহ মন্ত্রী বলেন।
অনুষ্ঠানে প্রতিরক্ষা সচিব মো: আক্তার হোসেন, সার্ভেয়ার জেনারেল অব বাংলাদেশ ব্রিগেডিয়ার মুনিরুজ্জামান এবং জাইকার বাংলাদেশের চিফ রিপ্রেজেন্টেটিভ হিতুষী হিরুতা বক্তৃতা করেন।


