রাজধানীর ডেমরা এলাকা থেকে মো. খলিলুর রহমান, মো. সাইফুল ইসলাম ও মো. তারেক নামে ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-লালবাগ বিভাগের একটি দল। এ সময় তাদের কাছ থেকে ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
বুধবার (১ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছে গোয়েন্দা পুলিশ।
সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার মুহম্মদ মনিরুজ্জামান জানান, মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ডেমরা থানার সারুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
তিনি বলেন, কয়েকজন মাদক কারবারি একটি ট্রাকে করে ইয়াবাসহ সারুলিয়ার এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি টিম ডেমরা থানার সারুলিয়া এলাকার ফায়ার সার্ভিস অফিসের সামনে অভিযান চালায়। গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাকটি রেখে পালানোর সময় তাদের গ্রেফতার করা হয়। পরে ট্রাক তল্লাশি করে ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে ডেমরা থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।


