মোঃ আবু সুফিয়ান বালিয়াডাঙ্গী উপজেলার প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে গমখেতে ছাগল যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে এক মুক্তিযোদ্ধার স্ত্রী ও কন্যাকে মারধরের অভিযোগ উঠেছে রিপন আলী (৩৬) নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
জানা যায়, গতকাল (১৭ফেব্রুয়ারী) বৃহস্পতিবার বিকেলে বালিয়াডাঙ্গী উপজেলার ৬নং ভানোর ইউনিয়নের ময়মনসিংপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জয়নব বানু ওই গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারের স্ত্রী। আহত অবস্থায় জয়নব বানু ও তার মেয়ে জাহানারা বেগম বর্তমানে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
অভিযুক্ত রিপন আলী ময়মনসিংপাড়া গ্রামের আইয়ুব আলীর ছেলে।
এলাকার লোকজনের মারফতে জানা যায়, জয়নবের দেড় মাস বয়সী একটি ছাগলের বাচ্চা রিপনের গমখেতে গেলে রিপন অকথ্য ভাষায় গালিগালাজ করে। জয়নবের মেয়ে এর প্রতিবাদ করলে দুজনের মাঝে বাকবিতন্ডা হয়,এর একপর্যায়ে তার মুখে ঘুষি দিয়ে মাটিতে ফেলে দিয়ে লাথি মারতে থাকেন। তাকে বাঁচাতে জয়নব বানু এগিয়ে এলে তার মুখেও আঘাত করেন রিপন। এতে জয়নবের মুখে আঘাত লেগে মুখের একটি দাঁত পড়ে যায়।
প্রতিবেশী তাসাদুল হক নামে এক ব্যক্তি মুক্তিযোদ্ধার স্ত্রী ও কন্যাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।
মারধোরের শিকার জয়নব বানু জানান, আমার স্বামীর মৃত্যুর পর একা জীবন যাপন করছি। আমাকে একা পেয়ে আমাকে ও আমার মেয়েকে মারধরসহ নির্মম অত্যাচার করেছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
অভিযুক্ত রিপনের বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তবে রিপনের মা ও তার স্ত্রী বলেন, জয়নব ও তার মেয়েও রিপনকে মেরেছে। তা ছাড়া তাহেরুলও রিপনকে চর-থাপ্পড় দিয়েছেন। রিপনের ফোন নম্বর চাইলে দিতে রাজি হয়নি পরিবারের লোকজন।
স্থানীয় চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, রিপন ও তার মা আমার কাছে এসেছিলেন। আমি বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছি।
বালিয়াডাঙ্গী থানার উপপরিদর্শক খাদেমুল করিম বলেন, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনায় লিখিত অভিযোগ দিয়েছেন মারধোরের শিকার মুক্তিযোদ্ধার স্ত্রী। আজ শুক্রবার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।


