ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন মা

মোঃ রকি হাসান পীরগঞ্জ থানা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাদকাসক্ত ছেলের অত্যাচার সহ্য করতে না পেরে নিরুপায় হয়ে নিজের সন্তানকে পুলিশের হাতে তুলে দিলেন মা।
আজ মঙ্গলবার (২২ফেব্রুয়ারি) দুপুরে প্রতিবেশীদের সহায়তায় মাদকাসক্ত ছেলেকে ধরে এনে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানা পুলিশের হাতে সোপর্দ করেন তিনি।
মাদকাসক্ত যুবকের নাম ডলার। সে পীরগঞ্জ উপজেলার সেনুয়া গ্রামের একরামুল হকের ছেলে। এরপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে  ৬মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, সেনুয়া গ্রামের একরামুল হকের ছেলে ডলার নেশার টাকা যোগাড় করতে না পারলে প্রায় সময় তার বাবা মাকে মারপিট অত্যাচার করতেন। এমনকি টাকা না পেলে বাড়ির জিনিসপত্র ভাংচুরসহ বাড়ির লোকজনের উপর নানা ভাবে অত্যাচার চালাত ডলার। নেশাগ্রস্ত ডলারের এমন কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে তার মা আজ দুপুরে এলাকাবাসীর সহায়তায় মাদকাসক্ত ছেলে ডলার কে ধরে থানায় নিয়ে আসেন এবং নিজের হাতে পুলিশের হাতে সোপর্দ করেন। তার মা পুলিশকে বলেন ডলারকে যেন জেলখানায় আটক রাখার ব্যবস্থা করা হয়। এজন্য থানায় পুলিশের কাছে মিনতি করেন তিনি।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা নির্বাহি অফিসার রেজাউল করিম মাদকাসক্ত ডলারকে ৬মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। ভ্রম্যমান আদালতের রায় ঘোষণার পর আজ বিকালে তাকে ঠাকুরগাঁও জেলা হাজতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।