মোঃ জয়নাল আবেদীন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী শ্যালো চালিত নসিমন গাড়ির ধাক্কায় সুজন নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। সেইসাথে গুরুতর আহত হয়েছেন নিহতের ১ চাচাতো ভাই।
আজ বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল ৭টায় বালিয়াডাঙ্গী উপজেলার , বালিয়াডাঙ্গী- লাহিড়ী সড়কের গোয়ালকারী নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে স্হানীয় লোকজন জানান।
নিহত সুজন বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের দায়মুল ইসলামের ছেলে।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, আজ সকালে ঢাকা থেকে সুজনের চাচাতো ভাই মোঃ দেলোয়ার ঠাকুরগাঁওয়ে আসেন। সুজন তাকে ঠাকুরগাঁও থেকে বাসায় নিয়ে আসার জন্য মোটরসাইকেল নিয়ে আনতে যান। চাচাতো ভাই দেলোয়ার কে নিয়ে বাসায় ফেরার পথে মোটরসাইকেলে নসিমনের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সুজনের মৃত্যু হয়।
সুজনের চাচাতো ভাই দেলোয়ারকে আহত অবস্থায় উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
এবিষয়ে ওসি বলেন, সকল প্রকার আইনি প্রক্রিয়া শেষে সুজনের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। নসিমনের চালককে আটক করা যায়নি।


