মোঃ জয়নাল আবেদীন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ দেশের উত্তরের জেলা ঠাকুরগাঁও- জেলায় মধ্যরাত থেকে মাঝারি বৃষ্টিসহ দমকা হাওয়ায় ফসল /বসতির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেই সাথে বাধাগ্রস্থ হয়ে পড়েছে কৃষিকাজ। এতে শ্রমিকের জনজীবন আরও বিপর্যস্ত হয়ে পড়ে। এর প্রভাব পড়েছে প্রাণীকূলেও।
আজ শুক্রবার (৪ ফেব্রুয়ারি) জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ৬নং ভানোর ইউনিয়নের বিভিন্ন ফসলের মাঠ ঘুরে দেখা যায়, আগাম গমক্ষেত বাতাসের ভরে মাটিতে নুইয়ে পড়ে আছে। আলুক্ষেতে বৃষ্টির পানি জমে গেছে। মাঠে কাজ করতে দেখা যায়নি কোন কৃষক বা কৃষি শ্রমিককে। এছাড়াও সরিষা, ভূট্টাসহ সব ধরনের ফসল এ বৃষ্টি ও দমকা হাওয়ায় ক্ষতিগ্রস্থ হয়েছে।
আরও দেখা যায়, দমকা হাওয়ায় গরীব মানুষের টিন চাতাইয়ের ঘর উড়ে তছনছ হয়ে গেছে। সেগুলো মেরামত করছেন গ্রামগঞ্জের মানুষজন।
ভানোর ইউনিয়নের কৃষক সোলেমান আলী বলেন, এবারে ৩ বিঘা জমিতে আগাম গমের আবাদ করেছি। হবে মাত্র গম দানা বাঁধতে শুরু করেছে। কিন্তু গত রাতের মাঝারি বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে গম মাটিতে শুয়ে গেছে। একারণে গমের ব্যাপক ক্ষতি হয়ে গেল।
আলুচাষি কৃষক মাঝারুল হক বলেন,সাড়ে ৫ বিঘা জমিতে আলুর আবাদ করেছি। আজ আলু তোলার কথা ছিল। এখন বৃষ্টির কারণে কৃষি কাজের লোকজন আস্তে পারেনি।আলু তোলার কাজ বন্ধ রয়েছে।
দিনমজুর মুসলিম উদ্দিন মিয়া বলেন, আলু তোলার কাজে এসেছিলাম, এসে দেখি আলুক্ষেতে বৃষ্টির পানি জমে গেছে। তাই আর আলু তোলা হয়নি কাজ বন্ধ তাই বাড়ি ফিরে যাচ্ছি।
ভানোর শাহাপাড়া গ্রামের দবির উদ্দিন (আকালুর) ঘরের সব গুলো টিন দমকা হাওয়ায় উড়ে গেছে, বৃদ্ধ মানুষ কি ভাবে মেরামত করবে তার জন্য হতাশায় আছেন তিনি। এসময় তিনি বলেন, কয়েকদিন আগে অনেক কষ্ট করে টিনের ঘরটি বানিয়েছি। বাতাসে টিন উড়ে গেছে। সেগুলো আবার কুড়িয়ে এনে রাখলাম মেরামত করার জন্য। আজ আর বাইরে কোনও কাজেও যেতে পারলাম না।
ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা আবু হোসেন বলেন, ‘রাতে ৯ মি:লি:মি:বৃষ্টিসহ দমকা বাতাস হয়েছে। এতে আগাম গমের কিছুটা ক্ষতি হয়েছে এবং কৃষিকাজের ব্যঘাত হয়েছে। কৃষকরা এখন আলুক্ষেতে পানি না শুকানো পর্যন্ত আলু উত্তোলণ করা থেকে বিরত থাকবে, সেই সাথে সার কিটনাশক ব্যবহার বন্ধ রাখবে। এখন সবচেয়ে জরুরি ভাবে জমাট পানি ক্ষেত থেকে বের করার ব্যবস্থা করা।
উল্লেখ্য, আজ পার্শ্ববর্তী জেলা পঞ্চগড়ে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.২ ডিগ্রী সেলসিয়াস। এর কাছাকাছি তাপমাত্রা বিরাজ করে ঠাকুরগাঁওয়ে জেলায়। দমকা বাতাসের সাথে বৃষ্টি শীতের তীব্রতা অনেকটা বাড়িয়েছে। এমন অবস্থায় কর্মহীন হয়ে আজ ঘরবন্দি মানুষ। গবাদি পশুসহ প্রাণিকূলেও এর চরম প্রভাব পড়েছে।


