ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

মোঃ সোহেল রানা রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আজ ২২শে ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুরে রাণীশংকৈল পৌর শহরের শিবদিঘি মোড়ে প্রাঃ শিক্ষক সমিতির ঘরের জমির মালিকানাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় কয়েকজন শিক্ষক আহত হওয়ার ঘটনায় প্রতিবাদে রাণীশংকৈল উপজেলা পরিষদ গেটের সামনে  তিন শতাধিক শিক্ষকের মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে প্রাঃ শিক্ষক সমিতির আহবায়ক গোপেন্দ্রনাথ বর্মন ও যুগ্ম আহবায়ক ইয়াকুব আলীসহ শিক্ষক ফয়জুল ইসলাম, আব্দুল মান্নান, আহসান হাবীব, ফরিদা ইয়াসমিন, কুশমত আলী, আজিজার রহমান, মকবুল হোসেন,আ’লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক, রাণীশংকৈল পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, আ’লীগ নেতা আহাম্মদ হোসেন বিপ্লব, জাহাঙ্গীর আলম, আনিসুর রহমান বাকী,
প্রশান্ত বসাক,প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, প্রেসক্লাব সভাপতি ফারুক হোসেন, জা’পা নেতা আবু তাহের,মহিলা’লীগ নেত্রী ফরিদা ইয়াসমিন প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তব্য বক্তারা শিক্ষকদের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।এই সাথে তারা হামলাকারিদের দ্রুত গ্রেফতারের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।তারা অবিলম্বে শিক্ষক সমিতির
ঘরটি শিক্ষকদের ভোগদখলে ফিরিয়ে দেয়ার জন্যও জোর দাবি জানান। পরে তারা ইউএনও বরাবর স্মারকলিপি দেন।
উল্লেখ্য, ১৯৮২ সাল থেকে সরকারি ব্যবস্থাপনায় খাসজমিতে নির্মিত শিক্ষক সমিতির ওই অফিস ঘরটি ব্যবহৃত হয়ে আসছে। এরই মধ্যে গত রবিবার ২০ ফেব্রুয়ারি শিক্ষকরা ঘরটি মেরামত করতে গেলে স্থানীয় মফিজুল ও তার লোকজন লাঠিসোটা নিয়ে সেখানে গিয়ে বাধা প্রদান করেন এবং, শিক্ষকদের উপর চড়াও হয় ও বেধড়ক মারপিট করে। এতে মকবুল হোসেন ও আজিজার রহমানসহ কয়েকজন শিক্ষক আহত হন। আহতদের রাণীশংকৈল হাসপাতালে ভর্তি করা হয়। এ নিয়ে শিক্ষকরা পরদিন রাণীশংকৈল থানায় একটি মামলা দায়ের করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির বলেন, শিক্ষকদের স্মারকলিপিটি আমি পেয়েছি। শিক্ষকদের উপর হামলার ঘটনাটি দুঃখজনক।এ সংবাদ শুনে আমি থানার ওসিকে যথাযথ ব্যবস্থা নিতে বলেছি। শিক্ষক সমিতির ঘরের জমি প্রসঙ্গে ইউএনও বলেন, ওই জমি নিয়ে কোর্টে মামলা চলমান আছে, মামলা নিষ্পত্তি সাপেক্ষে এ বিষয়ে ব্যবস্থা নেয়া যাবে।
রাণীশংকৈল থানার ওসি এসএম জাহিদ ইকবাল বলেন, গতকাল( ২১ ফেব্রুয়ারি) শিক্ষকরা থানায় একটি মামলা দায়ের করেছেন। আমরা ঘটনার তদন্ত করছি। আসামিরা পলাতক রয়েছে বলে ওসি জানান।