ঠাকুরগাঁওয়ের সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক প্রার্থীর সমর্থকদের হামলায় গুরুতর আহত ৪ সাংবাদিক

মোঃ জয়নাল আবেদীন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ   আগামী ৭ ফেব্রুয়ারি ঠাকুরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সরকার দলীয় ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় হামলার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি ও ৩জন সংবাদকর্মীসহ উভয়পক্ষের কমপক্ষে ১৫জন গুরুতর আহত হয়। পরে পুলিশ প্রশাসন ও স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আজ শনিবার (২৯ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার সেনুয়া ইউনিয়নের মন্ডল পাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, সকাল থেকে সেনুয়া ইউনিয়নের মণ্ডলপাড়ায় সরকারদলীয় নৌকার প্রার্থী নোবেল কুমার সিংহ ও স্বতন্ত্র প্রার্থী মতিউর রহমানের সর্মথকরা একই সময় নির্বাচনী প্রচার-প্রচারণা চালায়। এসময় উভয়পক্ষের সর্মথকরা মুখোমুখি অবস্থায় পড়লে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই নিয়ে তাদের মধ্যে দফায় দফায় হামলা ও সংঘর্ষ হয়।
এই সময় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর হামলা চালায় তারা। সেইসাথে ছিনিয়ে নেয় সাংবাদিকদের ক্যামেরা ও মোবাইল ফোন। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এবং হামলায় আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার তীব্র নিন্দা জানান, গণমাধ্যম কর্মীরা।
ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভীরুল ইসলাম জানান, সাংবাদিকদের পক্ষ থেকে এখনো  লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।