মোঃ জয়নাল আবেদীন রুহিয়া থানা ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সন্ধ্যা ৬টায় ঠাকুরগাঁও প্রেস ক্লাবের আয়োজনে ঠাকুরগাঁও চৌরাস্তায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রেসক্লাবের সম্পাদক লুৎফর রহমান মিঠু, রাসেল, গলাম সারওয়ার সম্রাট, ফরিদুল ইসলাম রঞ্জু সহ জেলার কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
এ বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সারা দেশসহ ঠাকুরগাঁওয়ে নিয়মিত সংবাদকর্মীদের ওপর হামলা চলছে যার কোনো সঠিক বিচার হচ্ছে না। আজ দুপুরে সাংবাদিকদের ওপর যে হামলা হয়েছে এর কারণ কি? সত্য উদঘাটন করে সত্য লিখতে গিয়ে, সত্য প্রকাশ করতে গিয়ে এই হামলার শিকার হয়েছেন সাংবাদিকরা। এ ঘটনায় অতি শীঘ্রই অপরাধীদের আইনের আওতায় না নিলে আগামীতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা।
উল্লেখ্য আজ শনিবার দুপুর আড়াইটায় সেনুয়া ইউনিয়নে নৌকা মার্কার প্রার্থী নোবেল কুমার সিংহ ও স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল মার্কার মতিউর রহমান মতির সমর্থকদের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় তারা সেখানে নিউজ সংগ্রহের কাজে যান। কিন্তু ভিডিও ফুটেজে ধারণ কালে নৌকা সমর্থক রা আচমকা সাংবাদিকদের উপর লাঠি সোটা নিয়ে হামলা করেন। এ হামলায় তানভীর হাসান তানু , সোহেল রানা ও হিমেল তালুকদারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।


