মোঃ জয়নাল আবেদীন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের টাঙ্গন নদীতে ডুবে জাহিদ (৭)ও মাসুম (১২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শাওন নামের (৮) বছর বয়সী এক শিশু নিখোঁজ রয়েছে। নিখোঁজ শিশুটিকে উদ্ধারের চেষ্টা করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
আজ মঙ্গলবার (১২ এপ্রিল) বিকেল ৪টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নে টাঙ্গন নদীর কহরপাড়া ঘাটে এ ঘটনা ঘটে।
নিহত মাসুম কহরপাড়া গ্রামের মুনসুর আলীর ছেলে ও জাহিদ হাসান একই গ্রামের ইউসুফ আলীর ছেলে। তবে নিখোঁজ শাওনের বাবার নাম এখনো জানা যায়নি।
এসব তথ্য জানান, ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর সরোয়ার হোসেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, আজ বিকেলে ৫/৭জন শিশু নদীতে গোসল করতে নামে। এসময় গভীর পানিতে ডুবে যায় মাসুম, জাহিদ ও শাওন। এমন অবস্থা দেখে বাকি শিশুরা তীরে উঠে চিৎকার শুরু করে। স্থানীয় লোকজনের সহযোগিতায় মাসুম ও জাহিদকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।


