ঠাকুরগাঁওয়ে নির্বাচনী সহিংসতার ঘটনায় প্রিজাইডিংয়ের মামলা গ্রেফতারের আতঙ্কে এলাকাবাসী

মোঃ জয়নাল আবেদিন রুহিয়া থানা ঠাকুরগাঁও প্রতিনিধিঃ সদর‌ উপজেলার রাজাগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য (মেম্বার) প্রার্থীর ভোটের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে সহিংসতায় নিহতের ঘটনায় অজ্ঞাত নামা ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
৪০০/৫০০ জনের নামে মামলা করায় এলাকার সাধারণ মানুষ ও ভোটারদের মধ্যে গ্রেফতারের আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন, ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার ওসি চিত্তরঞ্জন রায়।
ওসি জানান, রুহিয়া থানার রাজাগাঁও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আসাননগর সঃ প্রাঃ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার তৌকির আহম্মেদ বাদী হয়ে এ অজ্ঞাতনামা মামলা করেন।
মামলার এজাহার সূত্রে ওসি জানান, সরকারি কাজে বাধা, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার সহ পুলিশের ওপর লাঠিসোটা নিয়ে হামলার দায়ে মামলা করা হয়েছে।এ মামলায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। তবে তদন্ত চলছে।
খোরশেদ আলম নামে এক স্থানীয় ব্যক্তি জানান, মামলার খবর শোনার পর থেকে এলাকার মানুষের মাঝে গ্রেফতারের আতঙ্ক বিরাজ করছে। এলাকা অনেকটা পুরুষ’শূন্য হয়ে পড়েছে।
রহিমা বেগম নামের এক নারী হোটেল শ্রমিক জানান, ‘ভোটকেন্দ্রে গোলাগুলির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। এখন মামলার কথা শুনে স্বামী-সন্তানদের জন্য দূসচিন্তায় আছি। আমরা গরিব মানুষ একদিন কাজ না করলে পেটে খাবার জুটবে না। এখন ভোট যেন আমাদের কাল হয়ে দাঁড়ালো। আমরা অনুরোধ করব, পুলিশ যেন শুধু দোষীদের ধরে শাস্তি দেয়।’
এ বিষয়ে ওসি জানান, ‘সাধারণ মানুষ ও ভোটারদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। পুলিশ নির্দোষ কাউকে গ্রেফতার বা হয়রানি করবে না। তদন্তে যারা প্রাথমিক ভাবে দোষী প্রমাণ হবে তাদেরকেই গ্রেফতার করা হবে। এলাকাবাসী ও সাধারণ ভোটারদের জন্য নিরাপত্তা আরও জোরদার করা হবে।’
পুলিশ জানায়, গত রোববার রাতে সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের দক্ষিণ আসাননগর সঃ প্রাঃ বিদ্যালয়ের একটি ভোট কেন্দ্র থেকে ব্যালট পেপারসহ নির্বাচনি সরঞ্জাম নিয়ে বের হওয়ার সময় পরাজিত সদস্য প্রার্থীর লোকজন প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পুলিশের ওপর আক্রমণ করে।একপর্যায়ে লাঠিচার্জ করে পুলিশ। তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসলে প্রিজাইডিং অফিসারের নির্দেশে গুলি করা হয়। এতে হামিদুল ইসলাম নামে স্থানীয় এক ব্যক্তি নিহত হন।
রাজাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মোশারুল ইসলাম জানান, কিছু উস্কানি মূলক মদদ দাতার কারণে একজন প্রাণ হারিয়েছে। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ ঘটনায় জড়িতের বিচার চাই।
এ বিষয়ে সদর উপজেলার নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান জানান, পরিস্থিতি সামাল দিতেই গুলি চালিয়েছে পুলিশ। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহন করবে পুলিশ।