মোঃ জয়নাল আবেদীন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ভারত থেকে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বোনের বাড়িতে বেড়াতে এসে হানিফা বেগম (৭০) নামে এক ভারতীয় নাগরিকের মৃত্যু।
আজ সোমবার (২০ জুন) সকালে রানীশংকৈল উপজেলার ধর্মগড় শাহনাবাদ গ্রামের মৃত সমির উদ্দিনের স্ত্রী মুজলিমা বেগমের বাড়িতে এই ঘটনাটি ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন রাণীশংকৈল উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাহিদ ইকবাল জানান, হানিফা বেগমের কোন স্বামী সন্তান নেই। দেশে ভাগের সময় তিনি ও তাঁর এক ভাই পার্শ্ববর্তী দেশ ভারতে চলে যান। সেখানে তিনি তার ভাইয়ের ছেলের কাছে থাকতেন। দীর্ঘদিন যাবত সেখানে থাকায় সেখানকার নাগরিকত্ব লাভ করেন তিনি। এদিকে ধর্মগড় শাহানাবাদ গ্রামে তার দুই ভাই ও এক বোনের বাড়ি। হানিফা বেগম প্রতি বছর সীমান্তে মিলন মেলায় বাংলাদেশে বসবাসরত ভাই ও বোনদের সাথে দেখা করতে আসতেন। কিন্তু এবছর করোনার কারণে মিলন মেলা না হওয়ায় ভাই বোনদের সঙ্গে দেখা করতে পারেননি। তাই তিনি গত ১২ জুন পাসপোর্টের ভিসার মাধ্যমে রাণীশংকৈলের শাহনাবাদে তার ভাই ও বোনের বাড়িতে বেড়াতে আসেন।
ওসি আরো জানান,আজ সোমবার (২০জুন) সকালে হানিফা বেগম ঘুম থেকে উঠে ব্রাশ করার সময় অজ্ঞান হয়ে মারা যান। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে সে স্ট্রোক করেছেন। তার পরেও লাশের ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে, ময়নাতদন্ত শেষে ভারতের আম্বাসি মরদেহ নিতে চাইলে নিয়ে যেতে পারে। অন্যথায় মরদেহ তার ভাই বোনদের কাছে হস্তান্তর করা হবে।


